আপডেট : ১৯ December ২০২১
২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে গ্রুপপর্বের ম্যাচে বাংলাদেশ ১৭-০ গোলে পাকিস্তান দলকে পরাজিত করেছিল। এবার সেই উচ্চতায় পৌঁছতে না পারলেও গোলবন্যায় শ্রীলঙ্কাকে ভাসিয়েছে লাল-সবুজের নারীরা। আজ রোববার চলতি সাফ অনূর্ধ্ব- ১৯ আসরে বাংলাদেশ ১২-০ গোলে জয় পেয়ে ফাইনালে উঠেছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ নারী দল ৪-০ গোলে এগিয়ে ছিল। আগামী বুধবার বাংলাদেশ ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ রাউন্ড রবিন লিগে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে। ফলে নিঃসন্দেহে ফাইনালে বাংলাদেশই থাকবে ফেভারিট হিসেবে। গতকাল ম্যাচের শুরু থেকে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের গোলের নেশায় পেয়ে বসে। পুরো ৯০ মিনিটে দুর্দান্ত পারফর্ম করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। যেখানে ম্যাচে বাংলাদেশ ড্র করলেই ফাইনালের টিকিট পেয়ে যেত। গতকাল বিকালে ভারতের কাছে নেপালের হারে ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। কিন্তু বাংলাদেশ সেই ড্রর পথে হাঁটেনি। বাংলাদেশ দলের কোচ লঙ্কানদের বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন গুরুত্বপূর্ণ চার খেলোয়াড় মনিকা চাকমা, তহুরা খাতুন, আনাই মগিনি ও শামসুন্নাহার জুনিয়রকে বাইরে রেখেই। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাইরে রেখেই ছোটন বাজিমাত করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। বিশাল জয়ে শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছেন মারিয়া-আঁখিরা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী। বুধবার সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলঙ্কা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১