বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০২১

আখাউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন

এক মঞ্চে সব প্রার্থী : সহিংসতাকে ‘না’


ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণও উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে ‘এক মঞ্চে সব প্রার্থী’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে সহিংসতাকে ‘না’ বলা হয়েছে। প্রার্থীরা কাঁধে কাঁধ, হাতে হাত রেখে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্টদেরকে আশ্বাস দেন। ‘এক মঞ্চে সব প্রার্থী’শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সোমবার উপজেলার মোগড়া ইউনিয়নে মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীসহ মোট ৬০ জন প্রার্থী অংশ গ্রহন করেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৭জন সংরক্ষিত মহিলা সদস্য ১৪ ও সাধারণ সদস্য ৩৯ জন রয়েছে। প্রতিদ্বন্ধি প্রার্থীরা হাসিমুখে একে অপরের হাত ধরে মঞ্চে এসে নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন। সবাই অঙ্গীকার করেন নির্বাচনে জয় পরাজয় যাই হোক তা হাসিমুখে মেনে নেবেন। বিজয়ী হলে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। পরাজিত হলে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন।

প্রার্থীরা বলেন, জনগণের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে সুখে-দুখে মানুষের পাশে থাকব। সরকারি সকল সুযোগ সুবিধা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিব। মাদক মুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ রোধ করা, নারী নির্যাতন বন্ধ করা, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন। রাস্তাঘাটের উন্নয়নসহ এলাকার উন্নয়ন মূলক কাজ করবেন। জনগণ যাকে যোগ্য মনে করবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। জয় পরাজয় হাসিমুখে মেনে নেব। নির্বাচিত হলেও জনগণের সেবা করব, না হলেও জনগণের পাশে থাকব। প্রার্থীরা প্রশাসনের নিকট সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান। ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় লোকজন অংশ নেন। জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়। বিষয়টি এলাকার মানুষের মধ্যেও বেশ নাড়া দেয়। সুষ্ঠু ভোটের ক্ষেত্রে এ ধরণের আয়োজন ভূমিকা রাখবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রমুখ।

এ অনুষ্ঠান আয়োজনের ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাহিদ হাসান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে আয়োজনের লক্ষ্যে এ অনুষ্ঠানের করেছি। প্রার্থীরা অঙ্গীকার করেছেন তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। জয় পরাজয় হাসিমুখে মেনে নেবেন। নির্বাচনের পরও যেন কোন বিশৃঙ্খলা না হয় সেটাই আমাদের উদ্দেশ্য।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার আখাউড়ায় দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১