বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০২১

চলতি মাসেই এসএসসি পরীক্ষার ফল


চলতি মাসেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম।

এজন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বলেও জানান তিনি।

আজ সোমবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এস এম আমিরুল ইসলাম বলেন, ‘ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। চলতি মাসেই ফল প্রকাশের একাধিক তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয় অনুমতির জন্য পাঠানো হয়েছে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সম্মতিরও প্রয়োজন রয়েছে। সম্মতি পেলেই ফল প্রকাশ করা হবে।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, গতকাল রোববার এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এসএসসি-সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত তিন বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ কাজ শেষ হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন তা প্রকাশ করা সম্ভব হবে।

বলা হয়েছে, প্রধানমন্ত্রী সম্মতি দিলে উল্লিখিত দিনের পর বা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষাবোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশ করা হবে।

এবার মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১