আপডেট : ২৬ December ২০২১
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত ইঞ্জিন রুম থেকে হয়েছে বলে ধারণা করছে তদন্ত কমিটি। এছাড়া লঞ্চের ইঞ্জিনে ত্রুটি ছিল বলে মনে করছে কমিটি। আজ রোববার দুপুরে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির ৪ সদস্যের টিম আসে বরগুনায়। বরগুনার সার্কিট হাউস মিলনায়তনে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা শেষে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তোফায়েল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ইঞ্জিনে ত্রুটি পেয়েছি। তাই অগ্নিকাণ্ডের সূত্রপাত ইঞ্জিন রুম থেকে হয়েছে বলে ধারণা করছি। তিনি বলেন, এখনো তদন্ত চলমান তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারব বলে আশা করছি। তদন্ত কমিটির বাকি তিন সদস্য হলেন, নৌপুলিশের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম এবং পরিচালক মামুন অর রশিদ। বেসরকারি যাত্রীপরিবহনে এই দুর্ঘটনায় সরকারের পক্ষ থেকে কোন মামলা করা হয়েছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝালকাঠি থানায় একটি জিডি করা হয়েছে। এদিকে লঞ্চ দুর্ঘটনায় বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে বরগুনা চীফ জিুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমভি অভিযান-১০এর মালিক হাম জালাল শেখকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ প্রদান করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১