বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০২১

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪


নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন (৬৫) মারা যান।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় আহতদের মধ্যে চারজনকে ঢামেকে আনা হয়। এর মধ্যে এক শিশু রোববার মারা যায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতের ছেলে শাহরিয়ার মাহমুদ শিশির বলেন, তাদের বাসা নারায়ণগঞ্জ বন্দরের ঘাড়মোড়া গ্রামে। তার বাবা পঞ্চবটি কোল্ডস্টোরে চাকরি করেন। কাজ শেষে আনন্দ পরিবহনে করে বাসায় যাচ্ছিলেন।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময় এক নম্বর গেট এলাকায় ক্রসিংয়ের সময় কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়। তখন ট্রেনটি বাসকে ধাক্কা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজন পুরুষের মরদেহ উদ্ধার করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১