আপডেট : ০৫ January ২০২২
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার ভোরে প্রথম টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডের মাটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌছে যায় বাংলাদেশ। এমন ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন এক উইকেট। কিউইরা ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে। তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি তারা, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার তিন উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের। ১৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। মুুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহীম ৫ রানে অপরাজিত থাকেন। শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন। প্রথম ইনিংসে এক উইকেট ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেওয়া এবাদতের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১