বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০২২

নদীর তীরে শীতে কাঁপছে বেদে জনগোষ্ঠী


মামুন মিয়া ও সাইফুল ইসলাম। তীব্র শীতে তার যেন যায়যায় অবস্থা। কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। শ্রবণশক্তিও প্রায় নাজুক। কর্মহীন এক দুর্বিষহ জীবন তার। জীবন যুদ্ধে যেন এক পরাজিত সৈনিক।

বাজিতন খাতুনেরও একই অবস্থা। তীব্র শীতের তাণ্ডবে তিনিও যেন কাবু। তবুও তার আশা, হয়তো কেউ এসে পাশে দাঁড়াবে। কিন্তু বাজিতন খাতুনের গল্পটা করুণ! এক ছেলে থাকলেও খোজ খবর নেয় না, পৃথিবীতে যেন কেউ নেই তার। এই বয়সে পাড়া করেই যেন চলে দিন তার।

তাই তো ক্যামেরা দেখে একটু স্বস্তির নিশ্বাস ফেলে কর্তৃপক্ষের টনক নাড়তে চাইলেন। তিনি শোনালেন তার হতাশার কথা। গত দু’বছর আগে কেউ একটি চাদর দিয়েছিল। সেটিকে পুঁজি করেই কোনো রকমে জীবন পার করছেন। দু’বেলা দু’মুঠো অন্নের সংস্থান করতে বেশ হিমশিম খেতে হচ্ছে। এলাকা ঘোরার মতো যে শক্তি দরকার, সেটিই তার নেই।

দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। প্রচণ্ড শীতল হাওয়া আর তীব্র কুয়াশার চাদরে জনজীবনে নেমে এসেছে অশান্তির ছায়া। কনকনে ঠাণ্ডাকে মোকাবেলা করতে অনেকেই অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তবে দারিদ্রপীড়িত বেদে জনগোষ্ঠীর ভালো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়ে ওঠে না।

ঠাণ্ডার প্রকোপ এখন ডাঙার মানুষের কাছেও এক অভিশাপের নাম। সেই রেশ পড়েছে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের মাঝেও। কী শীত, কী গ্রীষ্ম—নদীর তীরে বাসস্থান। তারা বেদে সম্প্রদায় নামেই বহুল পরিচিত। কোন রকমে জীবন চলে। কষ্টের যেন শেষ নেই।

তাদের থাকা-খাওয়া সব কিছুই নদীর তীরে বাসস্থানে। তাদের কষ্টের তীব্রতা বেড়ে যায় শীত মৌসুমে। তবু বাঁচতে হবে—এ বিশ্বাস নিয়ে জীবন যুদ্ধে টিকে আছেন। নিম্ন আয়ের লোক বলে গরম কাপড়ও কেনা হয় না। ঝুপড়ি ঘর। কোন রকমে বাঁশ-কাঠ দিয়ে তৈরি। যেখানে প্রচণ্ড শীতল বাতাস ঢোকে।

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বাজার থেকে পাঁচশো গজ উত্তরে কংশ নদীর তীরে প্রায় বিশটি বেদে পরিবারের বাসা বেঁধেছেন। হতদরিদ্র মানুষগুলো প্রচণ্ড শীতে কাঁপছে। অনেকে বলছেন, ‘অনেক তো আশার বাণী শোনালেন, এবার আমাদের আর আশাহত করবেন না। আমরা ভালো আছি। শুধু শুধু ছবি তুলে কষ্টটা আর বাড়াবেন না!’

সত্যিকারার্থেই মানবেতর জীবন যাপন করছেন তারা। নদীর পানি খেয়েই তাদের তৃষ্ণাটুকু নিবারণ করতে হচ্ছে। স্যানিটেশন ব্যবস্থা যে কতটা নাজুক; সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তবুও তারা বেঁচে আছেন। আমাদের উচিত, তাদের পাশে দাঁড়ানো। তবেই জয় হবে মানুষের, জয় হবে মানবতার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১