বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২২

বেলাবতে ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগ


নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও জোর পূর্বক সিল মারার অভিযোগ পাওয়া গিয়েছে। বুধবার রাতে বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের অটোরিক্সা চেয়ারম্যান প্রার্থী আদিলুজ্জামান ভূইয়া বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে টেলিফোন প্রতীকের প্রার্থী সুলতানা রাজিয়া স্বপ্নার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্র থেকে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অটোরিক্সা প্রতীকে আদিলুজ্জামান ভূইয়া ও টেলিফোন প্রতীকে সুলতানা রাজিয়া স্বপ্না প্রতিদ্বন্ধীতা করেছে। বুধবার নির্বাচনের ভোট চলাকালীন সময়ে চর ছায়েট পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি ভোট কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীরা ভোট কক্ষ থেকে পুলিং এজেন্টদের বের করে দেয়। পরে তারা ব্যালট পেপার ছিনতাই করে টেলিফোন মার্কায় সিল মারে। পরে ছিলমারা ব্যালট পেপার বাতিল না করেই কেন্দ্র দুইটির ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সুলতানা রাজিয়া স্বপ্না টেলিফোন প্রতীকে ৫ হাজার ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর চেয়ারম্যান প্রার্থী আদিলুজ্জামান ভূইয়া অটোরিক্সা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৫০০ ভোট।

চেয়ারম্যান প্রার্থী আদিলুজ্জামান ভূইয়ার ছেলে জনি ভূইয়া বলেন, কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে টেলিফোন প্রতীকে সিল মারা হয়েছে। আমরা এর প্রমাণ স্বরুপ বিদ্যালয়ের পেছনের ঝোঁপ থেকে উদ্ধারকৃত ব্যালট পেপারের মুঠি ও ব্যালট পেপার অভিযোগ পত্রের সাথে সংযুক্ত করে দিয়েছি । আমরা অবিলম্বে উক্ত কেন্দ্র দুইটির ফলাফল না দিয়ে পূণরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া হলে ও তিনি আমাদের তা ফেরত পাঠিয়ে আগামীকাল নিয়ে যেতে বলেন।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন সাংবাদিকদের বলেন, আমরা বিন্নাবাইদ ইউনিয়নের দুইটি কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই ও সিল মারার অভিযোগ পেয়েছি। এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১