বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০২২

এসপির চরিত্রে ফেরদৌস


দীর্ঘ ক্যারিয়ারে মুক্তিযুদ্ধের অনেক সিনেমাতেই অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস। কিন্তু এবারই প্রথম মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাতে অভিনয় করছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়ক। সিনেমার নাম ‘দামপাড়া’। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আনন জামান এবং নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন। সিনেমাটি প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিজয় বসাক।

সিনেমাটি প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, ‘দামপাড়া’ মূলত বাংলাদেশ পুলিশের বীরত্ব ও দেশপ্রেমের গল্পের সিনেমা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রশাসনের ভেতরে থেকেও যারা লড়াই চালিয়ে গেছেন ও যুদ্ধ করেছেন এমন অনেকেই আছেন যাদের কথা ইতিহাসে খুব বেশি উল্লেখ করা হয়ে উঠেনি-এসপি শামসুল ইসলাম তেমনই একজন। চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইনসে অস্ত্রের গুদাম ঘর ছিল এসপির দায়িত্বে। পাকিস্তানি আর্মিরা তার কাছে সেই অস্ত্রের গুদাম ঘরের চাবি চেয়েছিল। কিন্তু এসপি শামসুল ইসলাম আর্মিদের সাথে একটি গেম খেলে সমস্ত অস্ত্র চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দেন।

পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয় পাকিস্তানিদের লক্ষ্যই ছিল কী করে এসপি শামসুল ইসলামকে হত্যা করা যায়। শেষ পর্যন্ত তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুনও করে পাকিস্তানিরা। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায় না। যেহেতু তার স্ত্রী বেঁচে আছেন, তাই স্বামীহারা স্ত্রীর বর্ণনায় গল্পটি বড়পর্দায় তুলে ধরা হচ্ছে। তার বীরত্ব ও আত্মত্যাগের গল্পে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দামপাড়া’। আমি এর আগেও মুক্তিযুদ্ধের সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু কোনো সিনেমায় এত ডিটেইল মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়নি। আমি আমার চরিত্রে শতভাগ দেবার চেষ্টা করেছি। ধন্যবাদ চট্টগ্রামবাসী, চট্টগ্রামের সংবাদ মাধ্যম, চট্টগ্রাম পুলিশ প্রশাসন। কারণ সবাই দামপাড়াকে পূর্ণাঙ্গরূপ দিতে ভীষণভাবে সহযোগিতা করছেন।

আর কয়েকদিনের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়ে যাবে। এতে ফেরদৌসের বিপরীতে অর্থাৎ এসপি শামসুল ইসলামের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের বীরত্বগাঁথা গল্প নিয়ে এমন একটি সিনেমা নির্মাণ বাংলাদেশের পুলিশের ভাবমুর্তিকে আরো উজ্জ্বল করবে-এমনটাই আশাবাদ ফেরদৌসের।

‘হঠাৎ বৃষ্টি’, ‘গঙ্গাযাত্রা’, ‘এক কাপ চা’, ‘কুসুম কুসুম প্রেম’ ও ‘পুত্র’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন ফেরদৌস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১