আপডেট : ১১ January ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে আদমপুর - রাজেন্দ্রপুর সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হতে না হতেই হাত দিয়ে টান দিলেই ওই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। বিটুমিন কম দেওয়া নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় উঠে যাচ্ছে কার্পেটিং এমন অভিযোগ স্থানীয়দের। বহুল প্রতিক্ষিত সড়কের কাজে এই মান নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। এনিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানায় স্থানীয় এলাকাবাসি। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর থেকে রাজেন্দ্রপুর মোড় পর্যন্ত ৭শত ৫৪ মিটার রাস্তার মিটার দৈর্ঘের সড়কটি নির্মাণ করতে দরপত্র আহবান করা হয়। এই সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৩ লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়ার রাজ কন্সেট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছেন। ইতোমধ্যে সড়কের কার্পেটিংয়ের কাজ প্রায় শেষ হয়েছে। ২৩ লাখ টাকার সড়কে নির্মাণ কাজে নিন্মমানের পাথর বিটুমিন ব্যবহার করা হয়। সেইসাথে সড়কের মাটির উপরেই ঢালা হয় বিটুমিন ও মিশ্রিত পাথর এমন অভিযোগ এলাকাবাসির। তবে নিম্নমানের বিটুমিন, সুড়কিসহ অন্যান্য উপকরণ দিয়ে কার্পেটিং করায় কাজ শেষের ৩ দিনের মধ্যে ওই সড়কের কার্পেটিং উঠতে শুরু করে। পাশাপাশি রিটার্নিং দেওয়াল করে মাটি ভরাট না করায় পুরো সড়ক জুড়েই দেখা দেয় ফাটল। ফলে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তবে এ সড়কের কাজে কোনো প্রকার অনিয়ম হয়নি বলে দাবি করেন ঠিকাদার মো. রফিকুল ইসলাম । টুকটাক কিছু সমস্যা হলে তা দ্রুত ঠিক করে দেওয়া হবে বলে তিনি জানায়। স্থানীয়রা অভিযোগ করেন, কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করায় শুরু থেকেই এলাকাবাসী উন্নতমানের উপকরণ দিয়ে কাজ করার জন্য অনুরোধ জানালেও ঠিকাদার তা আমলে না নিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়কে কার্পেটিং কাজ সম্পন্ন করেছে। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা প্রকৌশলীকে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাননি। স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন বলেন, অনেক চেষ্টায় এই সড়কের কাজ আনা হয়। কিন্তু ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই সড়কের কাজ করেছেন। তিনি আরও বলেন, এই সড়কটি দীর্ঘদিন বেহাল দশায় ছিল । এমনিতেই কার্পেটিং উঠে যাচ্ছে। তাছাড়া নির্মাণ কাজ যে ভাবে করা হয়েছে তাতে মনে হয় অল্পদিনের মধ্যেই আবার বেহাল দশায় পরিণত হবে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি সংস্কারের সঠিকভাবে কাজ না হওয়ায় শুরুতেই ঠিকাদারের নিয়োজিত লোকজনদের বাধা দেওয়া হয়। ওই কাজে তদারকিতে থাকা সংশ্লিষ্টদের জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। রাজ কন্সেট্রাকশনের ঠিকাদার মো: রফিকুল ইসলাম কাজের গুণগতমান ঠিক রেখেই কাজ করেছেন বলে দাবি করেন। তিনি বলেন, এ সড়কে কোন প্রকার অনিয়ম করা হয়নি। কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাত্র কাজ শেষ হলো। এখনো নিচ থেকে শক্ত হয়ে কার্পেটিং বসে নাই। তবে বসে যাবে। এ জন্য সময় দিতে হবে। তিনি আরও বলেন, এই কাজটা সবচাইতে ভালো মেশিন দিয়ে করা হয়েছে। এই মেশিনটা দেশের সব জায়গাতে পাওয়া যায় না। সড়কটির যে জায়গার মধ্যে কিছু সমস্যা হয়েছে তা দ্রুত সমাধান করা হবে। উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন , কাজের গুণগতমান ঠিক রাখতে শতভাগ চেষ্টা করা হয়ে থাকে। আদমপুর - রাজেন্দ্রপুর সড়কের সংস্কার কাজটি গত ৩ দিন আগে মাত্র শেষ হয়েছে। সড়টির কার্পেটিং এখনো ভালো করে শক্ত হয় নাই। তবে হাত দিয়ে টান দিলে কার্পেটিং উঠে যাওয়ার বিষয়টি ইতিমধ্যে তিনি অবগত হয়েছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, কাজের গুণগতমান ও বিটুমিন ঠিক আছে কি না তা টেস্টের জন্য ল্যাবে পাঠানো হবে। যদি ল্যাব টেস্টে সঠিক না হয় তাহলে কাজ নতুন করে করা হবে। উপজেলা প্রকৌশলী মো. আব্দুল লতিফ বলেন, সংস্কার সড়কটি মাত্র কাজ শেষ হলো। তবে কিছু অংশে কার্পেটিং উঠে যাওয়ায় বিষয়টি ইতিমধ্যে তিনি অবগত হয়েছেন বলে জানায়। কাজে যদি কোন প্রকার অনিয়ম হয়ে থাকে পরীক্ষা নিরিক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১