বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০২২

সময়ের আলোর সাংবাদিক হাবীবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত


দৈনিক সময়ের আলোর জেষ্ঠ্য প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি দৈনিক সময়ের আলোর আওয়ামী লীগ বিটের রিপোর্টার ছিলেন। ওই পত্রিকার একাধিক সাংবাদিক হাবীবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বলেন, বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালে মসজিদের সামনে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় বলে আমরা জানতে পারি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেকে আনেন। ওই পথচারী জানিয়েছেন যে, হাতিরঝিল আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিল হাবীবুর রহমান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

তিনি বলেন, হাবীবুরের মুখে অনেক আঘাত ছিল। দেখে মনে হচ্ছে সে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছে। তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে ‌‘সিনিয়র রিপোর্টার, দৈনিক সময়ের আলো’ লেখা রয়েছে।

নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সংবাদকর্মী হাবীবুর রহমানের নামাজে জানাজা ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ), সময়ের আলোর কার্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১