বাংলাদেশের খবর

আপডেট : ২০ January ২০২২

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল কিশোরের


রাজধানীর মগবাজার মোড়ে যাত্রাবাহী দুই বাসের চাপায় রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সে বাসে বাসে হকারি করত বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী হারুন অর রশিদ জানান, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনের ৩টি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে ওই কিশোর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।

তার সঙ্গে আসা লোকমান নামের আরেক কিশোর জানায়, আশপাশের লোকজন জানিয়েছে ওই কিশোর বাসে হকারি করে মাস্ক বিক্রি করত। দুর্ঘটনার পর দুটি বাস রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপাররা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১