বাংলাদেশের খবর

আপডেট : ০৮ February ২০২২

মোবাইল ফেরত দেয়ার নামে ডেকে কোপালো ছিনতাইকারীরা


ছিনতাই করা মোবাইল ফেরত দিতে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। ওই যুবকের নাম রনি। পল্লবী থানার উত্তর কালশি ঘাটিপাড়া এলাকার সে বাসিন্দা। রোববার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত রনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থানা এলাকার নতুনরাস্তায় সেলিম নামের এক যুবকের মোবাইল-হাতঘড়ি নগদ টাকা ছিনতাই করে জাকিরের নেতৃত্বের একটি ছিনতাইকারী গ্রুপ। পরে সেলিম এলাকায় এসে ঘটনাটি জানালে রনিসহ অন্যরা ঘটনার প্রতিবাদ করে। ছিনতাইকারী গ্রুপটি এলাকায় মাঝে মধ্যে ছিনতাই করায় লোকজনও অতিষ্ট। পরে রনি সেলিমকে এ বিষয়ে থানায় অবহিত করার পরামর্শ দেয়। ঘটনা জানতে পেরে জাকির মোবাইলসহ অন্যান্য মালামাল ফেরত দেবে বলে জানায়। বিনিময়ে থানায় যেন অভিযোগ না করে সে ব্যাপারে রনিকে অনুরোধ করে।

রাত ৯ টার দিকে জাকির রনিকে ফোন দিয়ে মোবাইল ফেরত দেয়া হবে জানিয়ে বাজারে আসতে বলে। রনি সেলিমকে সঙ্গে নিয়ে মোবাইল আনতে গেলে ছিনতাইকারী গ্রুপটি পরিকল্পনা মোতাবেক রনিকে পাওয়া মাত্রই মারধর শুরু করে। এক পর্যায়ে রামদা দিয়ে কোপানো শুরু করলে রনির চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে রনিকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রনির স্বজনরা জানান, জাকির এলাকায় ক্যারাম বোর্ড চালায় পাশাপাশি ভাঙ্গাড়ির ব্যাবসা করে। এ কারণে চোরদের সঙ্গে তার সখ্যতা রয়েছে। চুরি ছিনতাই করা মালামাল সে অল্পদামে কিনে রাখে।

তার সহযোগীরা এলাকায় দিনে দুপুরে চুরি ছিনতাই করে। গত কয়েকদিন আগেও চুরি ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেফতার করে। জামিনে বেরিয়ে আসার পর আবারো একই কাজ করছে তারা।

স্বজনদের অভিযোগ, রাতে সেলিমের নিকট থেকে ছিনতাইকরা মোবাইল ফেরত দেয়ার নাম করে ডেকে নিয়ে এ হামলা করে। তারা প্রকাশ্যই রামদা দিয়ে শরীরের কয়েকটা জায়গায় কোপ দেয়। লোকজন এগিয়ে না আসলে তারা খুন করতো।

এদিকে পল্লবী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিক অভিযোগ নেয়া হয়েছে। ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১