বাংলাদেশের খবর

আপডেট : ১০ February ২০২২

ফের ক্ষতিগ্রস্ত নারী কৃষক : দুর্বৃত্তরা পুড়িয়ে দিল খড়ের গাদা

পুড়ে ছাই হয়ে যাওয়া খড়ের গাদা ছবি : বাংলাদেশের খবর


দুই হাজারের বেশি শসা ও মিষ্টি কুমড়া গাছ নষ্টের এক মাস পর হতে না হতেই ফের সেই নারী কৃষাণীর বিশাল এক খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। এতে ফের ক্ষতির মুখে পড়লেন এ নারী কৃষাণী। গত মাসের মাঝামাঝি সময়ে গোলাপি বেগম নামের সেই কৃষানীর রোপন করা সবজি খেত রাতের আঁধারে বিনষ্ট করেছিল দুর্বৃত্তরা। পরে সেই সবজি খেত হারিয়ে পথে বসেন তিনি। বর্গাচাষ করা জমিতে নারীর রোপন করা সবজি খেত নষ্টের খবর গণমাধ্যমে প্রকাশ পেলে এক ব্যবসায়ী ওই নারীর পাশে দাঁড়ান। পুনরায় জমি আবাদের জন্য তাকে অর্থ সহায়তা করা হয়। তবে সেই রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের বর্গাচাষি নারী কৃষাণী গোলাপি বেগমের খড়ের গাদায় আগুন দিল দুর্বত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষানী গোলাপী বেগম গাড়ারণ গ্রামের আবদুল মোতালেব হোসেনের স্ত্রী। তিনি স্থানীয়দের কাছ থেকে জমি নিয়ে বর্গাচাষের মাধ্যমে সবজি আবাদ করে সংসার চালান। পশু লালন পালন করেন।

বর্গাচাষী কৃষাণী গোলাপি বেগম জানান, গেল মাসেই আমাদের আবাদ করা দুই হাজার শসা ও মিষ্টি কুমড়া গাছ রাতের আধাঁরে কেটে ফেলে অজানা শত্রুরা। এবার আমার গরুর খাবারের জন্য রাখা পুঞ্জি (খড়ের গাদা) পুড়িয়ে দিল। কারা এমন করছে, কেন এমন শত্রুতা করছে বুঝতে পারছিনা। আমাদের জমির ফসল নষ্ট হওয়াতে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। বহু টাকা খরচ করে জমিতে সবজি আবাদ করা হয়েছিল। সে আবাদি সবজিতে আমাদের সংসারে আয় উন্নতিসহ ছেলে মেয়েদের পড়াশুনা চলত। আমাদের অসহায়ত্বের খবর পেয়ে এক ভাই আমাদের সহায়তা করলে আবার সবজি চাষ করার সুযোগ হয়েছে। এবার খেড়ের পুঞ্জি(খড়ের গাদা) পুইড়া দিল। আল্লাহ জানে কেন আমাদের সাথে এমন শত্রুতা শুরু হলো।

তিনি বলেন, আমরা কারো সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াইনা। কোনো রেষারেষি নাই কারো সঙ্গে। নিজেরা সারাদিন কাজ করি ও সংসার নিয়ে ব্যস্ত থাকি। তুবুও এমন শত্রুতার কারন বুঝতে পারছিনা।

স্থানীয় মানবাধিকার কর্মী জুবায়ের হোসেন বলেন, একজন পরিশ্রমি সংগ্রামী নারী কৃষিকাজ করে সংসারের হাল ধরেছে এটা ভাল খবর। স্বামী সন্তান নিয়ে কষ্ট করে চলছেন কৃষিকে ঘিরে। কিন্তু কোনো একটি পক্ষ তাদের এমন সাফল্য মেনে নিতে পারছেনা। কোনো ভাবে দমাতে না পেরে রাতের আধাঁরে শত্রুতা শুরু করেছে। বেশ কিছু দিন আগে জমির সবজি নষ্ট করে এবার খড়ের গাদা পুড়িয়ে দিল। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ওই নারীর পাশে দাঁড়ানো প্রয়োজন।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়ার ভুইয়া জানান, আমরা খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা করেন এ পুলিশ কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১