বাংলাদেশের খবর

আপডেট : ১২ February ২০২২

আখাউড়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

স্বামীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খোরশিদ মিয়া নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছে তার পরিবার। শনিবার দুপুরে পৌরশহরের কলেজ পাড়ায় খোরশিদ মিয়ার স্ত্রী রাহেলা বেগম এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন । খোরশেদ মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে স্ত্রী রাহেলা বেগম তার স্বামীর মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিশর্ত মুক্তি চেয়েছেন।

সংবাদ সম্মেলনে রাহেলা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী নুরপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদের সভাপতি। মসজিদের জায়গা নিয়ে প্রতিবেশি জাহের মিয়া ও তার লোকজনের সাথে বিরোধ হয় । এতে তারা আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১০ ফেব্রুয়ারি বিকালে জাহের মিয়া ও তার লোকজন লাঠিসোঠা নিয়ে আমার স্বামীকে মারধর করতে আসে। এসময় স্থানীয় লোকজন উভয়পক্ষকে ফিরিয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে জাহের মিয়া আমার স্বামী ও সন্তানসহ ১০ জনের নামে আখাউড়ায় থানায় একটি মিথ্যা মামলা করে। ওই দিন রাতেই পুলিশ আমার স্বামীকে আটক করে হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারা দিয়ে আদালতে পাঠায়।

মামলার এজাহারে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে এসব ঘটেনি। আমি মিথ্যা মামলা প্রত্যাহারসহ আমার স্বামীর মুক্তি চাই।

এ ব্যাপারে মামলার বাদী জাহের মিয়ার ছেলে মাসুম মিয়া বলেন, মসজিদের সীমানা নিয়ে খোরশেদ মিয়া ও তার লোকজন আমাদের উপর হামলা করেছে। ন্যায় বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ ময়নাল হোসেন বলেন, এজাহার মূলে মামলা নেওয়া হয়েছে। তবে ৩২৬ ধারার অপরাধ মূলক কোন ঘটনা ঘটেনি বলে তিনি স্বীকার করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১