বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০২২

এইচএসসি পরীক্ষার ফল আজ


২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ হবে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৮ মাস পর গত বছর ২ ডিসেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেলা ১১টায় ভার্চুয়ালি পরীক্ষার ফলাফল প্রকাশ ও তৎসংশ্লিষ্ট পরিসংখ্যান ও প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড। এই প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সময় দেওয়া সাপেক্ষে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়। 

রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা নেওয়া হয়। এতে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হয়। বাংলা ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়ে কোনো পরীক্ষা নেওয়া হয়নি।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা হয়নি। আগের পাবলিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়ে সেবার ফল ঘোষণা করা হয়েছিল।

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের মধ্যকার সামাজিক দূরত্ব বজায় রাখতে এবারের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হয়। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হয়েছিল। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে নয় হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দেয়। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন। 

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় এক লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরিতে এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

২০২০ সালে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। গতবারের তুলনায় মোট পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৮৭৫ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১২০টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। বিদেশের আটটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪০৬ জন। এর মধ্যে জেদ্দা ১১৪, রিয়াদ ৭৪, ত্রিপোলী ২, দোহা ৭৯, আবুধাবী ৩৪, দুবাই ২৬, বাহরাইন ৫৮ ও  ওমানের সাহামে ১৯ জন। 

পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১