বাংলাদেশের খবর

আপডেট : ১৫ February ২০২২

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ৪৭৪৬


গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।

২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৪৫৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৩ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২১ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১ খুলনায় ২, বরিশালে ৪, সিলেটে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫২১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৯৩৩ জন। আগের দিন ৬ হাজার ৪৩৩ জনের মৃত্যু ও সংক্রমিত হন ১৬ লাখ ৭ হাজার ৪৭৪ জন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৭০৯ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ৪৪ হাজার ২৬৭ জনে। এসময়ে করোনা থেকে সেরে ওঠেছেন ৩৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৩৪৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাশিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ৬৮৩ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯৭ হাজার ১৮৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১