আপডেট : ২৩ February ২০২২
চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৫ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের পুত্র মোঃ শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার পুত্র রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের আব্দুল খালেকের পুত্র নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের পুত্র সাগর হোসেন (২৪)। শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে (বাঁক) পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে। পাশের পানচাইল গ্রামের জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না। শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভুঁইয়া বলেন, নিহতেরা প্রাইভেটকার যোগে কুমিল্লা থেকে চাটখিল যাচ্ছিলো। নিহতের স্বজনরা জানিয়েছেন তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছেলেন। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) মোঃ শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, নিহতদের মরদেহ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১