বাংলাদেশের খবর

আপডেট : ২৭ February ২০২২

সাফারি পার্কে এবার লেমুরের মৃত্যু


গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার একটি রিংটেইল প্রজাতির লেমুর মরা গেছে। খাঁচা মাতিয়ে রাখা চারটি লেমুরের মধ্যে শুক্রবার একটি পুরুষ লেমুরের মৃত্যু হয়। কি কারণে লেমুরটি মারা গেছে তা এখনো বলতে পারছে না পার্ক কর্তৃপক্ষ। মৃত লেমুরের শরীর থেকে স্যাম্পল (নমুনা) সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পরে পার্কেই মাটিচাপা দেওয়া হয়েছে মৃত লেমুরের মরদেহটি। তবে লেমুর মৃত্যুর খবরটিও চাপা রাখে পার্ক কৃর্তপক্ষ। চোরাকারবারিদের কবল থেকে উদ্ধারের পর সাফারি পার্কে আশ্রয় মিলে দুটি লেমুরের। পরে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে পার্কে প্রাণী হাসপাতালের পাশে কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছিল। সেখানে কিছু দিন পরই আরও দুটি বাচ্চার জন্ম দেয় লেমুর দম্পত্বি। পরে এদের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। রাখা হয় উট পাখি ও ইমু পাখির বেষ্টনীর পাশেই।

চলতি বছরেই ১১টি জেব্রা ১টি বাঘ ও ১ টি সিংহী মারা যাওয়ার রেশ কাটতে না কাটতেই বিরল প্রজাতীর একটি লেমুরের মৃত্যু হলো। এতগুলো প্রাণীর মৃত্যুর পর পর পাকের্র ভারপ্রাপ্ত কর্মকতা, ভেটেরিনারি সার্জন ও ওয়াইল্ডলাইফ সুপার ভাইজারকে সরানো হয়েছিল। এর পর পার্কের প্রকল্প পরিচালকের পদেও রদবদল আসে। একটি লেমুর মারা যাওয়ার পর পার্কে এখন তিনটি লেমুর রয়েছে। প্রাণী মৃত্যুর ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

পার্কের একটি সূত্র জানায়, ২০১৮ সালে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দন দিয়ে পশুপাখি চোরাকারবারিরা বেশ কিছু মূল্যবান পাখির সঙ্গে দুটি রিং টেইল লেমুর নিয়ে আসে। পরে এগুলো বিমান বন্দর কাস্টমস জব্দ করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে বুঝিয়ে দেয়। এ সময় পাখিও লেমুরগুলো আনা হয়েছিল সাফারি পার্কে। পরে পাখি ও লেমুর দুটি আলাদা আলাদা বেষ্টনীতে কোয়ারেন্টাইন করা হয়। মাস দেড়েক পরেই লেমুর যুগল দুটি বাচ্চার জন্ম দিয়েছিল। পরে পার্কের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় চারটি রিংটেইল লেমুর। দেখতে খুবই সুন্দর ও দারুন চটপটে স্বভাবের ছিল লেমুরগুলো। শুক্রবার কোনো এক সময় একটি বড় লেমুর মারা যায়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, রিংটেইল লেমুর ক্যাপটিভে মানুষ লালন পালন করে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে এ সব প্রাণীর চাহিদা রয়েছে বেশ। সে সময় একটি পশুপাখি চোরকারবারি দল অবৈধ ভাবে বেশ কিছু দামি পাখি ও দুটি রিংটেইল প্রজাতির লেমুর নিয়ে আসে। পরে সেগুলো বিমান বন্দর কাস্টসম জব্দ করে। তখনকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান জাহিদুল কবির স্যারের নির্দেশনায় গাজীপুর সাফারি পার্কে পাখি ও লেমুর দুটি হস্তান্তর করা হয়েছিল।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, পার্কে চারটি রিংটেইল লেমুর ছিল। এদের মধ্যে একটি পুরুষ লেমুর শুক্রবার কোনো এক সময় মারা গেছে। পরে মৃত প্রাণীর শরীরের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারন ডায়রি(জিডি) করা হয়েছে। এখন পার্কে তিনটি রিংটেলই লেমুর রয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, সাফারি পার্কে একটি প্রাণী মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়রি (জিডি) করেছে। দুপুরের পরে সাফারি পার্কের পক্ষ থেকে জিডি জমা দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১