বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২২

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন


আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, রাশিয়ার হামলার পর ইউক্রেনের জেফোরেশিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটি ইউরোপের মধ্যে সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

ইউক্রেনের এনেরহাদারের মেয়র দিমিত্রো অরলভ জানিয়েছেন, রাশিয়ার সেনাদের গোলাগুলির কারণে বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। বৃহস্পতিবার (৩রা মার্চ) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এর আগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার আশংকার কথা জানিয়েছিলেন এনেরহাদারের মেয়র দিমিত্রো। মেয়র বলেন, রাশিয়ার সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরে প্রবেশ করার পর বিদ্যুৎকেন্দ্রটি দখলের চেষ্টা করছিলো। গভীর রাতে জেফোরেশিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিলো রুশ সেনাদের একটি বিশাল বহর। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ইউক্রেনে চারটি সক্রিয় পারমাণবিক কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি জেফোরেশিয়ায় অবস্থিত। এটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।

এদিকে, বড় কোনও অগ্রগতি ছাড়াই শেষ হল রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা বৈঠক। যুদ্ধ বন্ধে বেলারুশে ৩ ঘণ্টা ধরে চলা বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্যরা।

এর আগে, গেল ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দু'পক্ষের মধ্যে লড়াই চলছে। দেশটির বেশ কয়েকটি শহর দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। সবশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহর পুরোপুরি দখল করে রুশ সেনা। এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ-পূর্বাঞ্চলে মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলা হামলা বাড়িয়েছে রাশিয়া।

জাতিসংঘ জানিয়েছে যুদ্ধাবস্থায় ইউক্রেন ছেড়ে এরইমধ্য পালিয়েছে ১০ লাখের বেশি নাগরিক। তাদের অধিকাংশই নারী ও শিশু। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, চলমান যুদ্ধে ৪০ লাখ নাগরিক ইউক্রেন ছাড়তে পারে। তবে তাদের আশ্রয় দিতেও ইউরোপ প্রস্তুত বলে জানানো হয়েছে। কিয়েভ ছেড়ে এসব নাগরিকরা ইউরোপের প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় প্রবেশ করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১