বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০২২

হার্ট অ্যাটাকে মৃত্যু: পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ, ময়নাতদন্তে প্রেরণ

সিধলী পুলিশ তদন্ত কেন্দ্র ছবি : বাংলাদেশের খবর


নেত্রকোণার কলমাকান্দায় হার্ট অ্যাটাকে পঞ্চাশোর্ধ মতি মিয়া নামে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মৃতের পরিবারে পাল্টাপাল্টি অভিযোগে বৃহস্পতিবার রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ ।

মৃত মতি মিয়া (৫৫) কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বেলতলী গ্রামের মো. সুরুজ মিয়ার পুত্র। ওই ইউনিয়নের সিধলী বাজারে চরপাড়া নামক এলাকায় জর্জ মিয়ার বাসায় ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক সমস্যাজনিত কারণে মানসিকভাবে উত্তেজিত হয়ে বুধবার দিনগত মধ্যরাতে হার্ট অ্যাটাক করেন মতি মিয়া। রাত প্রায় ৩টার সময় তার স্ত্রী জোয়ানা আক্তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মালেক পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ এসে সিএনজিযোগে দ্রুত নেত্রকোণা জেলার আধুনিক সদর হাসপাতালে পাঠিয়ে দেন। ‍পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল প্রায় ৬ টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। ওই দিন দুপুরে নেত্রকোনা সদর হাসপাতাল থেকে মৃতের মরদেহ নিজ এলাকায় নিয়ে আসেন পরিবারের লোকজন। পরে ওই দিনই বাদ আছর মৃতের জানাযা নামাজ শেষে দাফন করার প্রস্ততি ছিল। মৃতের পরিবারে পাল্টাপাল্টি অভিযোগের কারণে সন্দেহ সৃষ্টি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের মরদেহ সুরতাল প্রতিবেদন সম্পন্ন করে ওই দিন রাতেই মৃতের প্রকৃতকারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে কলমাকান্দার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, আজ থেকে প্রায় ১২ বছর পূর্বে ইতালিতে ১২ বছর প্রবাসী  জীবনযাপন শেষে নিজ বাড়িতে ফেরত আসেন মতি মিয়া। প্রবাসী থাকাকালীন সাকুল্য টাকায় বাবা সুরুজ মিয়ার কাছে পাঠাতেন তিনি। বাবা তখন ছেলের পাঠানো টাকায় নতুন করে যত জমি সম্পত্তি রেখেছেন। বাবার নিজ নামে রেজিস্ট্রি দলিল করে নিয়েছেন । বাংলাদেশে আসার পরই জমি সম্পত্তি নিয়ে মতি মিয়ার সাথে বাবাসহ অন্য ভাইবোনদের দীর্ঘদিন ধরে  বিরোধ চলছিল। মৃতের পরিবারে পাল্টাপাল্টি অভিযোগের কারণে সন্দেহ সৃষ্টি হওয়ায়  মৃতের মরদেহ সুরতাল প্রতিবেদন সম্পন্ন করে ওই দিন রাতেই মৃতের প্রকৃতকারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১