আপডেট : ০৫ March ২০২২
গাজীপুরের শ্রীপুরে একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রপচারের সময় ভুল গ্রুপের রক্ত পুশ করায় অধিক রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই মায়ের মৃত্যু হয়। সপ্তাহ আগে শ্রীপুর চৌরাস্তায় গড়ে তোলা নিউ এশিয়া ক্লিনিক এ- প্যাথলজি নামের ওই প্রাইভেট ক্লিনিকে স্বজনরা ভর্তি করে প্রসূতিকে। পরে বহু পরীক্ষা নিরীক্ষা করে প্রসূতি রোগীর জন্য রক্ত প্রয়োজন বলে রক্ত প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রপচারের কিছুক্ষন পরেই রক্তক্ষরণ শুরু হলে তড়িঘড়ি করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ক্লিনিক কৃর্তপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা থানায় লিখিত অভিযোগ করেছে। রোগী মৃত্যুর পর থেকেই ক্লিনিকে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ উধাও রয়েছে। প্রসূতি মায়ের শরীরে ভুল গ্রুপের রক্ত পুশ করা হয়েছিল বলে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ওয়ায়েজ উদ্দীন ফরাজি। নিহত প্রসূতি মায়ের নাম রুনা আক্তার (২৪)। সে পাশের গফরগাঁও উপজেলার পাইথল গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। অস্ত্রপচারে ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন ওই নারী। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি ক্লিনিক কর্তৃপক্ষকে উপযুক্ত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতের স্বামী স্বপন মিয়া জানান, গত বুধবার ২৩ ফেব্রুয়ারি তার স্ত্রী রুনা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। পরে অন্য স্বজনদের সাথে করা বলে পার্শ্ববর্তী শ্রীপুরের চৌরাস্তায় নিউ এশিয়া ক্লিনিক এ- প্যাথলজি হাসপালে নেওয়া হয়। সেখানে বহু পরীক্ষা নিরীক্ষা করে রক্তের প্রয়োজন বলে আমাদের জানানো হয়। ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের বলে রোগীর(স্ত্রী) জন্য বি পজেটিভ রক্ত লাগবে। পরে তড়িগড়ি করে রোগীকে বি নেগেটিভ রক্ত পুশ করে অস্ত্রপচার (সিজার) করে। অপারেশন থিয়েটারে কিছু সময় যেতেই রোগীর অবস্থার অবনতি হতে থাকে। এ সময় সিজার করে ছেলে সন্তানের জন্ম হয়। একটা সময় রোগীর রক্তক্ষরণ বন্ধ হচ্ছিলনা। অধিক রক্তক্ষরণে রোগীর অবস্থা আরও অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে ভর্তি করার পর চিকিৎসা চলে। পরে শুক্রবার রোগী (স্ত্রী) মারা যায়। তিনি বলেন, ময়মসিংহ হাসপাতাল জানিয়েছে ভুল রক্ত দেওয়াতেই এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই নিউ এশিয়া ক্লিনিক এ- প্যাথলজি কর্তৃপক্ষ ক্লিনিকে তালা মেরে উধাও রয়েছে। তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটি ফোন নাম্বারে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভুষণ দাস জানান, আমরা খবর পেয়ে ক্লিনিকে গিয়ে তালা ঝুলানো পেয়েছি। ঘটনার পর থেকেই কর্তৃপক্ষ উধাও রয়েছে। তিনি বলেন, আমার জানামতে এ ক্লিনিকের অনুমতি এখনো পায়নি। অনুমতির জন্য জেলা সিভিল সার্জনের কাছে আবেদন করেছে মাত্র। আরও বিস্তারিত জেনে ভালো বলতে পারবো বলে এ কর্মকর্তা জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ওয়ায়েজ উদ্দীন ফরাজি জানান, বেশ অসুস্থ অবস্থায় ওই রোগী আমাদের হাসপাতালে নিয়ে আসে। তিনি আরও জানান, রোগীর স্বজনদের সাথে কথা বলে জানতে পারি ওই ক্লিনিকে রক্ত দেওয়া হয়েছে। পরে আমরাও রক্তের গ্রুপ পরীক্ষা করি। কিন্তু ক্লিনিকে পুশ করা রক্ত ভুল গ্রুপ ছিল। আমরা পেয়েছি বি পজেটিভ কিন্তু ক্লিনিক দিয়েছে বি নেগেটিভ। তিনি জানান, রোগীর এমন অবস্থার কারণ হিসেবে রোগীর শরীরে 'ভুল গ্রুপের রক্ত প্রবেশ করানো'কে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক। শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ বলেন, নিহত নারীর চাচা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিতি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১