বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২২

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের রিটে ভুল, ফের শুনানি মঙ্গলবার


দেশে ভোজ্যতেলের (সয়াবিন তেল) দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেলের পাশাপাশি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে কিছু ভুল পাওয়া গেছে। যে কারণে তা সংশোধন করে আদালতে উপস্থাপন করতে বলেছেন হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার (৮ মার্চ) এ বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন উচ্চ আদালত।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিন দুপুর পৌনে ১২টার দিকে শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নেন আইনজীবী মহিদুল কবির।

শুনানির শুরুতেই আদালত রিট আবেদনের বিভিন্ন সংশোধনের কথা বলেন। পয়েন্ট ধরে ধরে আইনজীবীকে সংশোধনের কথা বলেন আদালত। মনিটরিং সেল গঠনের নীতিমালা নিয়েও কথা বলেন আদালত।

মুহিদুল কবির আদালতকে বলেন, একটু তাড়াহুড়ো করায় আবেদনে ভুলত্রুটি হয়ে গেছে। পরে আদালত এ বিষয়ে সংশোধন করে কাল মঙ্গলবার আসতে বলেন।

এর আগে গতকাল রোববার (৬ মার্চ) ভোজ্যতেল সয়াবিনের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।

এর আগে গত ৩ মার্চ দেশের শীর্ষ পর্যায়ের একটি জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত সয়াবিন তেল নিয়ে করা প্রতিবেদন আদালতের নজরে আনেন এই আইনজীবী। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ না দিয়ে রিট করার পরামর্শ দেন। পরে রিট করা হয়। রিটকারী আইনজীবী মনির হোসেন আজকের আদেশের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আমরা সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে রিট করেছিলাম। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

মনির আরও বলেন, এই রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করেছি। রিটে সরকারের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১