বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০২২

টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি: ড. জাফরুল্লাহ


দ্রব্যমূল্য শ্বাসরোধকর অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ।

তিনি বলেন, টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কতদূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণতি করতে ঘোষণা দিয়ে বলছি, এক কোটি লোককে টিসিবির খাবার দেবো। এটা একটা ভুল সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘আজকে বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। আপনিও (প্রধানমন্ত্রী) নিশ্চয় দ্রব্য মূল্য কমাতে চান, পাচ্ছেন না। এটা আপনার ব্যর্থতা। সেখানে তাদের আক্রমণ করছেন। এটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধীদলকে আক্রমণ করছে। এসব করে কখনও টিকে থাকা যাবে না।’

৭ মার্চের ভাষণ প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বলেন, ‘৭ মার্চের ভাষণ এক ব্যক্তির ভাষণ নয়। এতে অনেকের অবদান আছে। এই ভাষণে বিশেষ অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এই লাইনের মূল লেখক সিরাজুল আলম খান। স্বাধীনতার যুদ্ধটা এক ব্যক্তি করেননি। এ জন্য দেশের পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ দরকার।’

আলোচনা সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১