আপডেট : ০৮ March ২০২২
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বিকেল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ক্যাম্পের তিন শতাধিক ঘর। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সত্যতা নিশ্চিত করে কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন সদস্য সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় চার বছরের এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে নিহত শিশুর পরিচয় নিশ্চত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ৩০০ ঝুপড়িঘর ও দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকে আরও ২টি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা এটিই প্রথম নয়। ক্যাম্পে একাধিক বার আগুন লাগার ঘটনা ঘটে। চলতি বছরের ২ জানুয়ারি ক্যাম্প ২০ বর্ধিত অংশের অগ্নিকাণ্ডে আইওএম পরিচালিত কোভিড হাসপাতাল পুড়ে যায়। এরপর গত ৯ জানুয়ারি ১৫ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। এ ঘটনায় ১ হাজার ২০০টি বাড়ি-ঘর ভস্মিভূত। এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পেও অগ্নিকাণ্ড ঘটে। গত বছরের ২২ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ হাজার ঘর ভস্মিভূত হয় এবং ১১ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বিকালে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) রেজোয়ান হায়াত তাঁদের কর্মীদের নিয়ে ক্যাম্প এলাকা পরিদর্শন করেছেন। এ ছাড়া ক্ষতির পরিমাণ নিরুপণে ও আক্রান্ত শরণার্থীদের সেবায় মানবিক সংগঠনগুলোর সাথে কাজ করছেন এবংক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য ও নিরাপদ আশ্রয় পাবে। আরও সাহায্য কার্যক্রম চলছে বলেও জানান সংশ্লিষ্টরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১