আপডেট : ১৬ March ২০২২
‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ কুষ্টিয়া লালন একাডেমীর লালন শিল্পীদের গাওয়া লালন সংগীত হাজার হাজার দর্শককে মাতিয়ে তুললো লালন স্বরণোৎসবের প্রথম দিন। কালি নদীর ধারের বিশাল মঞ্চে লালন সঙ্গীত চলছে মধ্যরাত পর্যন্ত। লালন অনুসারীরা লালনে তার মাজার চত্বরেও শুরু করেছে তাদের প্রাণের আধ্যাত্মিক গান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালন ভক্তরা নেচে গেয়ে দিন পার করছে। এবারও অন্যান্য বছরের ন্যায় বিদেশ ছাড়ারও দেশের দূরদূরান্ত থেকে হাজার হাজার বাউল লালনের আখড়া বাড়ীতে উপস্থিত হয়ে লালনের দর্শনে দিন কাটাচ্ছে। কুষ্টিয়ার ছেউঁড়িয়ার লালন মাজার চত্বরে শুধু লালন সাধুই নয় তাদের পাশাপাশি হাজার হাজার নারী পুরুষও ভিড় করছে এই অনুষ্ঠান দেখা ও শোনার জন্য। মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেন, বাউল সম্রাট ফকির লালন সব ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে সদা সত্য পথে চলতে মানুষকে মানবতাবাদীর পথে ডাক দিয়েছিলেন। তিনি অহিংস মানবতার ব্রত নিয়ে মানুষের কল্যাণে অসংখ্য গান সৃষ্টি করে গেছেন। তার এ অমর সৃষ্টি সঙ্গীত কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বলেন, লালন ফকির জাতহীন মানবদর্শন ও মানবতার ভাবধারাকে প্রতিষ্ঠিত করতে একটি অসাম্প্রদায়িক সাম্যের সমাজ চেয়েছিলেন। মানুষকে শিখিয়েছিলেন কোন ধর্মের মধ্যে আবদ্ধ থেকে সম্প্রীতি বজায় রাখা যায় না। সব ধর্মের ওপর মানব ধর্ম। ধর্ম একটি উৎসব। ধর্ম যার যার উৎসব সবার। এ বিষয়টি ভাবতে শিখিয়েছে ফকির লালন সাঁই। তিনি বলেন, এ মরমী সাধকের প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকলেও তিনি ছিলেন আধুনিক সমাজ বিন্যাসে স্ব-শিক্ষিত। তার জ্ঞানের ভান্ডার আর পাঁচজন সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ছিল। ধর্ম আর জাতি ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কি অসীম মর্মকথা বলেছেন তিনি। আজকের সমাজের এসব বর্বরতা ও জাতিকে বিভক্তির হাত থেকে বাঁচাতে লালনের মানবতার কল্যানের আর্দশকে গ্রহন করতে হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকার কুষ্টিয়ার উপ-পরিচালক মৃণাল কান্তি দে, কুষ্টিয়া আদালতের জিপি অ্যাড.আখতারুজ্জামান মাসুম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, বিএমএ কুষ্টিয়ার শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১