বাংলাদেশের খবর

আপডেট : ১৭ March ২০২২

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল ঢাবি ছাত্রের


চলন্ত ট্রেন থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মাহাবুব আদর নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পাবনার পাকশি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। সে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং ওই শিক্ষার্থীর চাচা ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ফরহাদ বলেন, ‘মাহাবুব ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় জানালা দিয়ে মাথা বের করে রেখে ছিল। তখন সেতুর রেলিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তার পরিবারের সদস্যরা সেখানে গেছে।’

অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, ‘তার বন্ধুদের মাধ্যমে আমি এ বিষয়ে জেনেছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। আমরা মুহসীন হল পরিবার এ ঘটনায় খুবই মর্মাহত।’

মাহাবুবের এরকম হঠাৎ চলে যাওয়ায় ভেঙে পড়েছেন তার সহপাঠীরা। তার হলের রুমমেট মো. রাহাত শিকদার বলেন, ‘মাহাবুব খুবই ভালো একজন ছেলে ছিল। সে খুবই মিশুক, হাসিখুশি ও প্রাণবন্ত থাকতো। তার এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছি না।’

জানা গেছে, মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে। তিন সদস্যের পরিবারে সে তার পিতা মাতার একমাত্র সন্তান। তার পিতার নাম মো. হান্নান মিঠু। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং মেধাবী ছিলেন। পড়েছেন জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয়ে এবং ঢাকার মাইলস্টোন কলেজে। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হয় তার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১