আপডেট : ২৯ March ২০২২
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিবাদ্য নিয়ে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় বরিশালের গৌরনদীতে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত কেজি প্রতি দশ টাকা মূল্যের চাল ক্রয়ের রেশন কার্ড কর্তনের প্রতিবাদে বার্থী ইউনিয়নের শতাধিক বঞ্চিত নারী-পুরুষ মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার বিকাল পৌণে ৫টা থেকে সন্ধ্যা পৌণে ৬টা পর্যন্ত উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাড়কের ওপর এ কর্মসূচি পালন করা হয়। হত দরিদ্রদের কার্ড কর্তন করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস পুর্নরায় কার্ড বরাদ্দের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সন্ধ্যা পৌণে ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়। সোমবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালীণ সময়ে বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ মনোয়ারা বেগম, দিনমজুর ছবেদ আলী মাল, ভ্যান চালক শেখ জাহাঙ্গীর ২নং ওয়ার্ডের বাসিন্দা দিন মজুর ওয়াসিম, ৩নং ওয়ার্ডের বাসিন্দা মেহেরুন নেছাসহ একাধিক ভুক্তভোগীরা জানান, তাদের প্রত্যেকের নামে রেশন কার্ড ছিলো। যা দিয়ে তারা দশ টাকা মূল্যে চাল ক্রয় করতো। গত শনি ও রোববার বার্থী ইউনিয়নে রেশন কার্ডের চাল বিতরণ করা হয়। এসময় চাল কিনতে গিয়ে জানতে পারেন তাদের রেশন কার্ড বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারদের জানানো হলেও কার্ড পূনরায় করে দেয়ার কোন উদ্যোগ গ্রহন করেনি। তবে কর্তনকৃত কার্ডগুলো পূনরায় করে দেয়া হবে বলে জানিয়েছেন, বার্থী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। অপরদিকে সড়ক অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় তীব্র জানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও থানা পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বার্থী ইউনিয়নের তিন শতাধিক দরিদ্র পরিবারের নামে বরাদ্দকৃত রেশন কার্ড কর্তন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১