বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২২

মির্জাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৩ কক্ষ ভষ্মিভূত


টাঙ্গাইলের মির্জাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ঘরের ১৩টি কক্ষ ভষ্মিভ‍ূত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আলম খান ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, বিকেলে ভাড়াটিয়া সুমাইয়া রান্না শুরু করেন। হঠাৎ সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় ওই রান্না ঘরে। মুহূর্তের মধ্যেই পাশের আরো ১২টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এসে আগুন নেভানোর কাজ চালায়। টানা দেড় ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘরের মালিক আলম খান বাংলাদেশের খবরকে বলেন, সিলিন্ডার বিস্ফোরণের পর দ্রুত ১৩টি কক্ষে আগুন লেগে যায়। এতে দুই ভাড়াটিয়ার নগদ লক্ষাধিক টাকাসহ ১৩টি কক্ষের ভাড়াটিয়াদের টিভি, ফ্রিজসহ সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিস পুঁড়ে ছাই হয়ে গেছে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে দুই ইউনিট দেড় ঘন্টা কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কেউ হতাহত হয়নি। সিলিন্ডারের পাইপে লিকেজ ও রান্নাঘরের চুলায় লুজ কানেকশন থাকার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবার যদি আবেদন করে সে প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে ক্ষতির পরিমাণ বের করা সম্ভব হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১