বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০২২

ফতুল্লায় বেপরোয়া কালা জসিম গ্রুপ


ফতুল্লায় বেপরোয়া হয়ে উঠেছে ডাকাত কালা জসিম গ্রুপ। ভয়ঙ্কর এ গ্রুপটি চাঁদাবাজি, হত্যা, লঞ্চ ডাকাতিসহ নানা অপরাধ করে যাচ্ছে। একের পর এক তাদের দৌরাত্বে সাধারণ মানুষ আতঙ্কিত।

সম্প্রতি এ গ্রুপটি ফতুল্লার বক্তাবলীর গোগনগরে বার্জ ভাড়া এনে ভাড়ার টাকা দেয়ার পরিবর্তে উল্টো মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে নেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, মো. বাদল জনৈক আলাউদ্দিন শেখের নিকট হতে একটি বার্জ ভাড়া নিয়ে বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে সাব ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল। ১নং আসামি মো.জসিম উদ্দিন গত বছরের ১৯ ডিসেম্বর মাসিক ৩ লাখ টাকা ভাড়া চুক্তিপত্র সম্পাদন করে এনআরবিসি ব্যাংক পঞ্চবটি শাখার ইস্যুকৃত ৪ টি চেক প্রদান করে ভাড়া নেয়। ভাড়া নেওয়ার সময় জসিম উদ্দিনের সাথে কথা হয়েছিল যে, প্রতি মাসে ভাড়া প্রদানের পর একটি করে চেক ফেরত নিয়ে যাবে। কিন্তু ভাড়া নেওয়ার পর থেকে জসিমউদ্দিন অদ্য পর্যন্ত কোন প্রকার ভাড়া প্রদান না করে উল্টো বিভিন্ন প্রকার টালবাহানা প্রদর্শন করে আসছে বলে অভিযোগ করেন বাদল। এরই প্রেক্ষিতে জসিম উদ্দিনের কাছে ৩ মাসের ভাড়া জমে গেলে বক্তাবলী ফেরিঘাটের দক্ষিণ পাশের এলাকায় গিয়ে ভাড়া চাইলে অভিযোগকারী বাদলকে অকথ্য ভাষায় গালি গালাজ করে হুমকি দেয়।

গত ২৪ মার্চ দুপুর ১২টায় আলাউদ্দিন শেখের কাছে গেলে জসিম উদ্দিনসহ তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র এবং মোটা কাঠের ডাসা নিয়া অতর্কিত হামলা শুরু করে, মারপিট করে নগদ আড়াই লাখ টাকা ছিনেয়ে নেয়। এদিকে কালা জসিমের বিরুদ্ধে লঞ্চ ডাকাতি, হত্যা, দখলবাজি চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী বাদল বলেন, আলাউদ্দিন শেখ এর নিকট হতে একটি বার্জ ভাড়া নিয়ে তা বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে সাব ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। জসিম ওরফে ডাকাত কালা জসিম বিগত ১৯ ডিসেম্বর আমার আওতাধীন বার্জ খানা মাসিক ৩ লাখ টাকায় ভাড়া নেয়। পরে তিনি তো ভাড়া দেননি উল্টো লোকজন নিয়ে আমার ওপর হামলা করেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জসিমের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১