বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০২২

শার্শার ডিহিতে ইউপি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ


যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের এক ইউপি সদস্যকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ডিহি ইউনিয়নের তেবাড়িয়া-নৈহাটি মোড়ে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা দুটি বোমার বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।

এলাকাবাসী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন আগে বর্তমান ইউপি সদস্য মফিজুর রহমান মল্লিক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ডিহি এলাকার মৃত আব্দুল জলিলেল ছেলে গিয়াস উদ্দীনের মধ্যে শালিশ কেন্দ্র করে বিভেদের সৃষ্টি হয়। এরপর থেকে স্থানীয় আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দীন ইউপি সদস্য মফিজুর রহমানকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে চলছে এবং হত্যার হুমকি দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় প‚র্ব পরিকল্পনা নিয়ে গিয়াস উদ্দীন এই হামলা চালায় বলে অভিযোগ করে অনেকে।

এলাকাবাসী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বোমা হামলাকারী গিয়াস উদ্দিন এর আগেও নানা ধরনের হামলা চালিয়েছেন এবং তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী।

ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, কয়েকদিন আগে স্থানীয় একটি শালিশকে কেন্দ্র করে গিয়াস উদ্দীনের সাথে বিভেদের সৃষ্টি হয়। তারপর থেকে সে আমাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে দুটি বোমা নিক্ষেপ করে। যদিও ভাগ্যের জোরে বেঁচে গেছি।

এ বিষয়ে বোমা নিক্ষেপকারী গিয়াস উদ্দীনের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

এদিকে ডিহি ইউনিয়নের একজন শীর্ষ আওয়ামী লীগ নেতা জানান, গিয়াস উদ্দীনের নামে এর আগেও এমন একাধিক অভিযোগ রয়েছে। জামাত বিএনপি থেকে আসা গোকার্ণ গ্রামের আনিছুর ডাক্তার, গিয়াস উদ্দীন এরা দিন দিন এই ইউনিয়নের এমন নানা ধরনের নাশকতাম‍ূলক কাজ কর্ম করছে।

স্থানীয় গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি। নানা অজুহাতে পরে যোগাযোগ করতে বলেন।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান মুঠোফোনে জানান, দু‘জনের মধ্যে দীর্ঘদিন গোলমাল চলে আসছে। আজ বিকেলে কে বা কারা দুটি ককটেল ফুটিয়েছে। থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১