বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২২

পুলিশের উপহার ঘর পেয়ে খুশি হাসিনা বেগম


দিনাজপুরের নবাবগঞ্জে হাসিনা বেগম পেলেন বাংলাদেশ পুলিশ বিভাগের দেয়া উপহার একটি ঘর। স্বপ্নের বাড়ী পেয়ে আনন্দে ভাসছেন হাসিনা, খুশি এলাকাবাসী।

১০ এপ্রিল সারাদেশে একযোগে বিভিন্ন থানা এলাকায় নির্মিত বাড়ীগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর পরই হাসিনার হাতে তুলে দেয়া হয় তার স্বপ্নের নীড়ের চাবী।

নিজের একটি ঘর, নিজের একটি বাড়ী হবে কখনও ভাবেনি উপজেলার বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর গ্রামের হত দরিদ্র ভ‍ূমিহীন বিধবা নারী হাসিনা বেগম।

হাসিনা বেগম জানান, তার বিয়ে হয় এক ভুমিহীন ব্যক্তির সাথে। বিয়ের পর থেকেই তার স্বামী হাসিনার বাবার বাড়ীতে ঘর জামাই হিসেবে থাকতো। সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ে জন্ম হয় তাদের। বিগত প্রায় ২৫ বছর পুর্বে হাসিনার স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পরে অন্যের বাড়ীতে গৃহকর্মী ও রাস্তার মাটি কাটার কাজ করে বাবার বাড়ীতে থেকেই কোন রকমে সন্তানদের বড় করেন। নিজেদের কোন বাড়ী না থাকায় হাসিনার ছেলে বিয়ে করে চলে যান শশুর বাড়ীতে। মেয়েও বিয়ে হয়ে চলে যায় স্বামীর বাড়ীতে। হাসিনার দরিদ্র ভাইয়ের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হলে হাসিনার জায়গা হয় না বাবার বাড়ীতে। পরে বাবার বাড়ী থেকে বের হয়ে আশ্রয় নেন স্থানীয় একটি ক্লাব ঘরের বারান্দায়। শীত ও বর্ষায় চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটতো হাসিনা বেগমের। স্থানীয় একজন গণমাধ্যম কর্মী হাসিনার দুর্দশা দেখে তার নিজের এক খন্ড জমি ছেড়ে দেন হাসিনাকে থাকার জন্য। হাসিনা সেখানে একটি ঝুপড়ি ঘর করে বসবাস করে আসছিলেন। এ দিকে এমন একজন গৃহহীনকে ঘর দেয়ার জন্য খুঁজছিলেন স্থানীয় থানা পুলিশ। পরে ঐ গণমাধ্যম কর্মীর মাধ্যমে পুলিশ খুঁজে পান হাসিনা বেগমকে। দেয়া হয় জমি ও বাড়ী। হাসিনার স্বপ্নে নীড়ে রয়েছে ২টি ঘর, একটি বাথরুম, রয়েছে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা সহ পুর্নাঙ্গ একটি গৃহ। সম্পুর্ন পুলিশের তত্বাবধায়নে বাড়ী নির্মান কাজ শেষ করা হয়। হাসিনার স্বপ্ন পুরনে পুলিশ বিভাগের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন- মুজিব শতবর্ষ স্মরনীয় করে রাখতে বিভিন্ন থানা এলাকায় একজন গৃহহীনকে পুলিশ বিভাগের উদ্যোগে জমি সহ গৃহ প্রদানের কার্যক্রম হাতে নেয়। ঐ কার্যক্রমের আওতায় এ উপজেলাতেও জমি সহ বাড়ী দেয়া হলো গৃহহীন হাসিনা বেগমকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১