বাংলাদেশের খবর

আপডেট : ১০ April ২০২২

স্কুলের পাশে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঘোড়াঘাট কে.সি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের পাশে সরকারী ঘর নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ছবিটি রবিবার দুপুরে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি : লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট প্রতিনিধি


দিনাজপুরের ঘোড়াঘাটে কেসি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের দখলে থাকা খাস জায়গার উপর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যন্ড চারমাথা এলাকায় সড়ক অবরোধ করে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে সাধারণ নাগরিক সহ প্রায় ২ হাজার জন উপস্থিত ছিলেন।

সড়ক অবরোধের ফলে প্রায় ১ ঘন্টা পর্যন্ত সড়কের দুইপ্রান্তে ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনাস্থলে আসেন। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং সরকারী ঘর নির্মাণ কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কেসি পাইলট স্কুল কতৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি ১৯০৫ সালে ‘মধ্য ইংরেজী স্কুল’ হিসেবে প্রতিষ্ঠা পায় এবং ১৯৪০ সালে এটি নবম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই প্রায় ১৫০ শতক জায়গার মধ্যে ৬৬ শতক রেকর্ডভূক্ত জায়গার উপরে ক্যাম্পাস নির্মাণ করে। বাকি ৮৪ শতক খাস জায়গায় আম গাছের বাগান করে ভোগ করে আসছে স্কুলটি।

গত ৩০ মার্চ উপজেলা প্রশাসনের লোকজন এসে স্কুলের ভোগ দখলে থাকা জায়গা মাপযোগ শুরু করে এবং ৮৪ শতক জায়গা উপরে সরকারী আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানের জন্য জায়গা নির্ধারণ করে।

কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি ইউনূছ আলী মন্ডল বলেন, শনিবার সকাল থেকে প্রতিষ্ঠানের দখলে থাকা খাস জায়গায় ঘর নির্মান শুরু করে উপজেলা প্রশাসন। প্রাথমিক ভাবে এই কাজে বাঁধা দেয় শিক্ষার্থীরা। বাঁধা উপেক্ষা করে কাজ করায় হঠাৎ করেই রবিবার দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদেরকে কিছু জানিয়েই রাস্তায় নেমে পরে।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার মধ্যে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান করলে, প্রতিষ্ঠানের শিক্ষার মান নষ্ট হয়ে যাবে এবং এলাকাটি মাদক সেবীদের আখড়াতে পরিণত হবে।

এদিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম বলেন, ঘোড়াঘাট পৌর এলাকায় খাস জায়গা খুবই কম। ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় পৌর এলাকার ভূমি ও গৃহহীন লোকদের জন্য কেসি পাইলট স্কুলের পাশে আমরা ১৮টি ঘর নির্মানের জন্য খাস জায়গা নির্ধারণ করি। তারমধ্যে ৬টি ঘর নির্মানের কাজ শুরু হয়েছে। ঘাস জায়গাটি দীর্ঘদিন থেকেই পড়ে ছিল। আপাতত ঘর নির্মান কাজ বন্ধ রাখা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১