আপডেট : ১৭ April ২০২২
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ রোববার দিনগত রাত ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো দুই কলেজ ছাত্র আহত হয়েছেন। নিহতরা হলেন, নাটোর উপজেলার কান্দিভিটা গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী সুলতানা রিজিয়া (৬৫) ও মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের শওকত হোসেনের ছেলে সোলায়মান হোসেন (১৭)। সোলায়মান মির্জাপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী সাজ্জাদ জানায়, রাত সাড়ে সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা একটি বাস উপজেলার নতুন বাইপাস এলাকা সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাটোরগামী মাইক্রোবাসকে চাপা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ভেতরে থাকা সুলতানা রিজিয়া নামক বৃদ্ধার মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে থানার এস.আই রফিক জানান, ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত রিজিয়া সুলতানা আমেরিকা থেকে ঢাকা এসে স্ব-পরিবারে নাটোরের বাড়ি ফিরছিলেন। অপরদিকে রোববার দুপুর পৌনে ১টার দিকে পৌরশহরের বাইমহাটি এলাকা সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন সড়কে সিএনজিকে অতিক্রম করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র সোলায়মানের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় সাথে থাকা চালকসহ কলেজ ছাত্র রাকিব ও মেহেদী গুরুতর আহত হলে তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সোলায়মানের বন্ধু সোহান জানায়, কলেজে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করে পুরাতন স্ট্যান্ডে একটি মোবাইলের দোকানের উদ্দেশে রওনা হলে ওইস্থানে পৌছানোর পর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে কুমুদিনী হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা চলাকালে তার বন্ধু সোলায়মানের মৃত্যু হয়। এসময় বন্ধুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। মির্জাপুর থানার এস.আই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১