বাংলাদেশের খবর

আপডেট : ১৭ April ২০২২

মানিকগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 


মানিকগঞ্জে আলোচনা সভার মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। 

আজ রবিবার (১৭ এপ্রিল) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ১৯৭১ সালের ১৭ই এপ্রিলে মুজিবনগর সরকারের তাৎপর্য বর্ণনা করে বলেন, ১৭ এপ্রিল সকালে মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়।

১৭ এপ্রিল মুজিব নগর সরকারের মন্ত্রীরা শপথ নেওয়ার পর ১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে।

আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. মমিন উদ্দিন খান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনসহ অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১