বাংলাদেশের খবর

আপডেট : ২১ April ২০২২

ধামরাইয়ে এমপি'র উপস্থিতিতে ইফতার মাহফিলে দফায় দফায় সংঘর্ষ,  গ্রেপ্তার ২


ঢাকার ধামরাইয়ে ইফতার মাহফিলে খাবার বিতরণকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমদ এর উপস্থিতিতে স্থানীয় যুবকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) বেলা ১১টার দিকে দুই আসামীকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রে ইনচার্জ রাসেল মোল্লা।

এর আগে বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমতা ইউনিয়নের আমতা হরলাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। তবে মারামারির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন এমপি বেনজির আহমদ।

আটকরা হলেন, ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোঃ কাইয়ুম (২০) ও একই গ্রামের তরব আলীর ছেলে রুহুল আমিন (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে স্থানীয় সাংসদ বেনজির আহমেদের উপস্থিতিতে সেখানে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এমপি ওই স্থান ছেড়ে চলে যাওয়ার পরে আগত স্থানীয় এলাকাবাসীর মধ্যে খাবার বিতরণের সময় আগে পরে খাবার দেয়া নিয়ে তর্কাতর্কী থেকে মারামারির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে। পরে আহতদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিয়ে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, আজ একটা ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে এমপি সাহেবও উপস্থিত ছিলেন। ইফতারের পরে খাবার বিতরণ করার সময় একটা ঝামেলা হয়েছে। সম্ভবত তাদের মধ্যে পূর্বের কোন বিরোধ ছিল। কিছু ছেলে পেলে হঠাৎ মারামারি করে। চার-পাঁচ জনের মত আহত হয়েছে। বাকিদের কথা বলতে পারছি না। এরা আমাদের কিছু না। খাবার না পাওয়া এই সমস্যাটার সৃষ্টি হয়েছে।

আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন, এমপি সাহেব চলে যাওয়ার পর ছেলেপেলেদের মধ্যে মারামারি হয়েছে। আবার পরিবেশ শান্তও করা হয়েছে।

এবিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) রাসেল মোল্লা বলেন, এমপি সাহেবের উপস্থিতিতে ইফতারের মধ্যে খাবার বিতরণের সময় একটি মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করি। আহতদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে রাতে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ বলেন, আমি চলে আসার পরে সেখানে খাবার বিতরণ নিয়ে মারামারি হয়েছে বলে শুনেছি। গ্রামের মধ্যে তো। ছেলেপেলে উত্তেজিত হয়ে ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১