বাংলাদেশের খবর

আপডেট : ০১ May ২০২২

ঈদের জামাত কোথায় কখন


ঢাকায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত হবে। প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত সকাল আটটায়, তৃতীয় জামাত সকাল নয়টায়, চতুর্থ জামাত সকাল দশটায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে এগারোটায় অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।  এবার জাতীয় ঈদগাহে প্রায় ৮৪ হাজার মুসুল্লি একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারেন। এখানের নামাজে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে থাকেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল  মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। আর মুকাব্বিরের দায়ত্ব পালন করবেন বায়তুল  মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল  মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ।

পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতিত্ব করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। আর মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুলম মোকাররমের খাদেম মো. রুহুল আমিন।

উল্লিখিত ৫টি জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা মো. আব্দুল্লাহ।

 

এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদে সকাল ৮টা এবং ৯টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ছাড়াও বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এসব মসজিদে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানীর লালবাগ শাহী মসজিদ ও মোহাম্মদপুর জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ বড় মসজিদে ঈদের জামাত হবে তিনটি; সকাল ৭টায়, ৮টায় ও ৯টায়। আজিমপুর কবরস্থান মসজিদে সকাল ৭টায়, ৮টায়, ৯টায় ও ১০টায় চারটি জামাত হবে। আর ছাপড়া মসজিদে তিনটি জামাত হবে; সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায়।

মিরপুর দারুস সালাম লালকুঠি বড় মসজিদে সকাল ৭টায় একটি জামাত হবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায়, ধানমন্ডির বায়তুল আমান মসজিদে সকাল সাড়ে ৮টায়, ঈদগাহ মাঠ মসজিদে ৮টায় এবং সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পুরান ঢাকা তারা মসজিদে সকাল সাড়ে ৮টায় ও ৯টায়, রায় সাহেব বাজার জামে মসজিদে সাড়ে ৮টায়, নিমতলী ছাতা মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, আগামছি লেইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় এবং বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ও ৯টায় ঈদের জামাত হবে। গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টায় এবং সাড়ে ৯টায় ঈদের তিনটি জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদ জামাত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে জমায়েতে আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামাআত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। জামাআতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি।

এছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়া দেশের বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার ১৯১তম ঈদের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ। সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত শুরুর সাত, পাঁচ ও এক মিনিট আগে বন্দুকের ফাঁকা গুলির আওয়াজ করে সংকেত দেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১