আপডেট : ১২ May ২০২২
কুষ্টিয়ার কুমারখালীর চর সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেছের আলী খাঁ'র বিরুদ্ধে সরকারী ভিজিএফ এর ৩৭৪ কেজি চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে পরিষদের মেম্বর, ভুক্তভোগী ও এলাকাবাসী সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। এছাড়াও চাল আত্মসাতের তথ্য সংগ্রহ করার কারণে স্থানীয় সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলার ঘটনাও ঘটেছে। বুধবার (১১ মে) রাত ১০ টার দিকে সাদিপুর বাজার এলাকায় এঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ করেছেন আহত সাংবাদিক মিজানুর রহমান। মিজানুর দৈনিক আজকের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি। মিজানুর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, মিজান ব্যবসায়ীর পাশাপাশি সাংবাদিকতা করেন। সাম্প্রতিক সময়ে চরসাদিপুর চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে তথ্য সংগ্রহ করেন তিনি। বিষয়টি টের পেয়ে বুধবার রাত ১০ টার দিকে সাদিপুর বাজার এলাকায় চেয়ারম্যানেরর দুই ছেলে উকিল ওরফে ফিরোজ (৩৪) ও নাজমুল হোসেন (৩০) এবং তাঁর সঙ্গীরা হাসুয়া, রড, কাঠের ও বাশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মিজান নিলা ফোলা জখম হয়। এছাড়াও তাঁর বিকাশ দোকানের ড্রয়ারে থাকা নগদ ৭৫ হাজার টাকা, তথ্য সম্বলিত ১৫ হাজার টাকা মূল্যের স্মার্টফোন ও মোবাইল ব্যাংকিংয়ের সিম নিয়ে যায়। এ বিষয়ে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য (মেম্বর) আবু বক্কর বলেন, চেয়ারম্যান অসৎ উদ্দেশ্যে চাল ওজনে কম দিয়ে অবশিষ্ট রেখেছে। আর সেই তথ্য সংগ্রহ করার অপরাধে বুধবার রাতে সাংবাদিক মিজানের উপরের চেয়ারম্যানের দুই ছেলেসহ সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। ঘটনাটি চোখের সামনেই ঘটেছে। চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেছের আলী খাঁ বলেন, প্রায় ৭৫০ টি কার্ড আমার। প্রতি কার্ডে ১০ কেজি করে চাল বরাদ্দ। কিন্তু আমি ৯ থেকে সাড়ে ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সেজন্য কিছু চাল অবশিষ্ট থাকতে পারে। তিনি আরো বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়টি জানি না। আহত সাংবাদিক মিজানুর রহমান বলেন, পরিষদের গুদামে ভিজিএফ চাল অবশিষ্ট আছে এমন অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করি। বিষয়টি ধামাচাপা দিতে চেয়ারম্যানের দুই ছেলে সহ তাঁর সন্ত্রাসী বাহিনী রাতে হামলা চালায় আমার উপর। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সাংবাদিকের উপর হামলা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, চাল আত্মসাত ও হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১