বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২২

ধামরাইয়ে চোরের হাতে প্রাণ গেল প্রবাসীর মা


ঢাকার ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে চন্দবানু বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে। এসময় তার হাতে থাকা স্বর্ণের দুটি চুড়ি, গলার চেইন, কানের দুলসহ প্রায় তিন ভড়ি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে৷ 

রোববার গভীর রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর এলাকার সৌদি প্রবাসী আবু বক্কর ও আব্দুর খলিলের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

নিহত চন্দবানু বেগম (৭০) রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর এলাকার মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার স্ত্রী। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার দুই ছেলে আবু বক্কর ও আব্দুর খলিল সৌদি আরবে থাকে। বাড়িতে বৃদ্ধ মা চন্দবানু বেগম একাই বসবাস করতেন। রোববার গভীর রাতে চোর এসে কৌশলে প্রথমে ঘরের সিং খুড়ে ঘরে ঢুকে দরজা খুলে দেয়। পরে বাহিরে থাকা আরো সব চোর ঘরের ভিতর ঢুকে।

এসময় চন্দবানু চোরদের দেখে চিৎকার দিলে তাকে দেশীয় অস্ত্র দা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে  কুপিয়ে হত্যা করে তার হাতের দুইটি চুড়ি ,গলার চেইন, কানের দুলসহ প্রায় তিন ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে রোববার সকালে স্থানীয়রা নিহতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

নিহতের পাশের বাড়ির বাসিন্দা সাদ্দাম হোসেন জানান, নিহত সম্পর্কে আমার চাচি হয়। তার দুই ছেলে সৌদি প্রবাসী। চাচি বাড়িতে একাই থাকতেন। চোরেরা চাচিকে হত্যা করে চাচির শরীরের সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। 

এই বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে খুনিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১