বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০২২

আজ থেকে চামড়া কিনবেন ট্যানারি মালিকরা


আজ বৃহস্পতিবার থেকে কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। দেশে সচল ১৫৪টি ট্যানারি রাজধানীসহ সারা দেশে একযোগে সরকার নির্ধারিত মূল্যে তারা লবণযুক্ত চামড়া কিনবেন।

গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদ এই তথ্য জানান। এ সময় সংগঠনের নেতা ছাড়াও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাহিন আহমেদ জানান, এরই মধ্যে কোরবানির তিন দিনে বিভিন্ন ট্যানারি মালিক যার যার মতো করে সাড়ে তিন লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছেন। এখন লবণযুক্ত চামড়া কেনার মধ্য দিয়ে এ বছর ট্যানারি মালিকরা ৯৫ লাখ গরু, মহিষ, ছাগল, ভেড়া খাসির চামড়া সংগ্রহ করবেন।

শাহিন আহমেদ জানান, কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য কেমিক্যাল প্রয়োজন। সুপারভাইজড বন্ড সুবিধার আওতায় ট্যানারিগুলো কেমিক্যাল সংগ্রহ করে থাকে। তাই ট্যানারি শিল্পের স্বার্থে সুপারভাইজড বন্ড বহাল রাখা ও এর সুবিধার আওতা বৃদ্ধি করা প্রয়োজন। এই সুবিধা বাড়াতে বিটিএ ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছে। আবেদনটি বিবেচনার জন্য তিনি সরকারের সহায়তা কামনা করেন।

এ সময় তিনি চামড়া শিল্প নগরীর সিইটিপির ত্রুটি বিচ্যুতি দূর, চামড়া খাতে ঋণের তিন বছরের সুদ মওকুফ, জরুরিভিত্তিতে পরিবেশগত ছাড়পত্র নবায়ন, এলডব্লিউজি সনদ অর্জনের পদক্ষেপসহ চামড়া শিল্প নগরীর ভূমি বরাদ্দ নীতিমালা হালনাগাদ করার দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১