বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০২২

সাবেক এমপি গোলাম মাওলা রনির ভবন উচ্ছেদ


সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি দ্বিতল ভবন উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সরকারি সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম জানান, অভিযানে কোন বিশেষ ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বন্দরে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। 

উপজেলা প্রশাসন থেকে জানা যায়, গলাচিপার উলানিয়া বন্দর বাজারে এক বছর মেয়াদি কিছু সরকারি জমি বন্দোবস্ত নেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এক্ষেত্রে পাকা স্থাপনা নির্মাণের বিধান নেই; কিন্তু তিনি সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন, যা অবৈধ।

ইউএনও আশিষ কুমার বলেন, এই অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে তাকে কয়েকবার নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু একাধিকবার নোটিশ পেয়েও সাবেক এই সংসদ সদস্য সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। এ জন্য আজ সেখানে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

তবে এ ঘটনায় সাবেক সাংসদ গোলাম মাওলা রনি তার ফেসবুক স্ট্যাটাসে বিস্ময় প্রকাশ করে জানান, মহামান্য উচ্চ আদালতে একটি মামলা ষ্ট্যান্ড ওভার থাকা অবস্থায় কিভাবে তার পৈত্রিক বাড়িটি ভাংছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার। কাল উচ্চ আদালত খুলবে। বিষয়টি আদালতের নজরে আনা ছাড়া তার আর কি করার আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১