আপডেট : ০১ August ২০২২
গেটকিপারের অসাবধানতায় রেল ক্রসিংয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় রিকশা ও অটোযাত্রীসহ প্রায় অর্ধশত মানুষ। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বুড়িমারী অভিমুখে যাওয়ার পথে শহরের ব্যস্ততম বিডিআর গেট’ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গেটকিপার নাহের হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে রেলক্রসিংয়েরর রেল লাইনের বাঁশ এক লাইনে আর ট্রেন যাচ্ছে অপর লাইনে এমন একটি ভিডিও মহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠে। জানা গেছে, শহরের ব্যস্ততম এলাকা বিডিআর গেট সড়কের উপর দিয়ে লালমনিরহাট-বুড়িমারী দু’টি এবং লালমনিরহাট - মোগলহাট রুটসহ তিনটি রেল লাইন চলে গেছে। রোববার বিকাল ৩টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে বুড়িমারীর অভিমুখে যেতে থাকে। এসময় শহরের বিডিআর গেটে রেল ক্রসিংয়ের বাঁশ যে লাইনে ট্রেন যাচ্ছে সে লাইনে না ফেলে অসাবধানতায় গেটকিপার অপর একটি লাইনে বাঁশটি ফেলে রাখে। মহুর্তে অপর লাইনে ট্রেন চলে এলে আতংক ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় রিকশা ও অটোরিকশার যাত্রীসহ অর্ধশত পথচারী। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মহুর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে টনক নড়ে রেলওয়ে কর্তৃপক্ষের। ঘটনার ঘন্টা খানেক পরেই অভিযুক্ত গেটকিপার নাহের হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সাথে রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ছহির উদ্দিনকে ৭২ঘন্টা সময় বেঁধে দিয়ে ঘটনার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। বিডিআর এলাকার কাপড় ব্যবসায়ী আপন ইসলাম জানান, গেট কিপারের দায়িত্বে অবহেলার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অনেকে রক্ষা পেয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে বলেও তিনি দাবী করেন। সোমবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গেটকিপার নাহের হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্তের জন্য রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ছহির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১