আপডেট : ২৬ October ২০২৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙ্গন রোধে সরকারের সহায়তা চেয়ে মানববন্ধন করেছে ভাঙ্গন কবলিত পদ্মাপাড়ের মানুষ। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার পদ্মা নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার পদ্মা নদীটি লোকালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাজশাহীর বাঘা উপজেলার অর্ন্তগত ছিল। প্রতিবছর নদী ভাঙ্গনের কারণে পদ্মা নদীটি বর্তমানে দৌলতপুর উপজেলার ৪টি ইউনিয়নের লোকালয়ে এসে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি স্থাপনসহ বসত বাড়ী। কয়েক হাজার একর আবাদি এখন নদীগর্ভে। বর্তমানে এক সপ্তাহের ব্যবধানে কৃষকের প্রায় ৩০ বিঘা ফসলসহ ফসলি জমি পদ্মা গর্ভে। মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দুই বারে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ এনে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেটা তেমন কোনো কাজে আসেনি। বরং অপরিকল্পিত ভাবে জিও ব্যাক ফেলার কারণে সেগুলোও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই বর্তমানে ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ফসলি জামিসহ সরকারি স্থাপনা গুলো রক্ষার জন্য স্থায়ীবাধ নির্মাণের দাবী জানিয়েছেন নদী পাড়ের মানুষ। পদ্মার ধারে এই মানববন্ধনে নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হওয়া হাজার খানেক পরিবারের মানুষ অংশ নেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১