বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০২৩

অবশেষে কুড়িগ্রাম-১ আসনে নৌকার মাঝি হলেন আছলাম সওদাগর এমপি


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

অনেক জল্পনা কল্পনার পর অবশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন মো. আছলাম হোসেন সওদাগর এমপি। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে দীর্ঘদিনের আসন দখল করেন।

এ আসনে আসন্ন নির্বাচনের জন্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী জিকোসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন।

মনোনয়ন সংগ্রহের পর থেকেই কুড়িগ্রাম-১ আসনে কে পাবেন নৌকার মনোনয়ন এ নিয়ে সাধারণ মানুষের মাঝে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। ছিলো ব্যাপক কৌতুহল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৬ নভেম্বর বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কুড়িগ্রাম-১ আসনের নৌকা প্রার্থী হিসেবে মো. আছলাম হোসেন সওদাগর এমপি’র নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষনার পরেই নাগেশ্বরীতে আনন্দে উদ্বেলিত হয় জনসাধারণ। পরে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নৌকাপাগল ভোটরসহ বিভিন্ন স্তরের মানুষ। মিছিল শেষে একটি পথসভা ও পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, মো. আছলাম হোসেন সওদাগর এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক ছিলেন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সংসদ সদস্য হিসেবে রয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১