বাংলাদেশের খবর

আপডেট : ৩০ November ২০২৩

চট্টগ্রামে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী


চট্টগ্রাম প্রতিনিধি:

আচরণবিধি অনুসরণ না করে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ধাক্কা ধাক্কিতে লিপ্ত হন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১১ টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে এ সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দিন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করলে রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে ধমকি দিতে থাকেন তিনি। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাংবাদিকদের। একইসাথে সাংবাদিকদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে ধাক্কা দিতেশুরু করে প্রার্থীর নেতা-কর্মীরা। তারা মাছরাঙা ও দেশ টেলিভিশনের মাইক্রোফোন ও ট্রাইপড ভেঙ্গে ফেলেন। এ সময় দুই সাংবাদিক আহত হন।

মারধরের শিকার সাংবাদিক রাকিব উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৫ জনের বেশি নেতা-কর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ নেই। তিনি অনেক নেতা-কর্মী নিয়ে আসেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এ নিয়ে প্রশ্ন করায় আমার ওপর হামলা করেন এবং মাইক্রোফোন কেড়ে নিয়ে ফেলে দেন। তিনি আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন।

প্রশ্ন করতেই প্রথমেই তেড়ে এসে ধাক্কা দেন তিনি। পরে তার নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সাংবাদিকরা মৌখিক অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এ সময় তিনি ভুক্তভোগী সাংবাদিককে লিখিত অভিযোগ দিতে বলেন।

উল্লেখ্য, নির্বাচনি আচরণ বিধিমালায় কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল, স্লোগান বা কোনো প্রকার শোডাউন করতে পারবেন না। একইসাথে পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না বলেও উল্লেখ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১