আপডেট : ২০ December ২০২৩
আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: লোকালয়ে বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। চিৎকারে বাঘটি হিংস্র হয়ে আক্রমন শুরু করে। এতে শিশুসহ আহত হয়েছে অন্তত পাঁচ জন। পরে বাঘটিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার ( ২০ ডিসেম্বর) বেলা ১১ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে। এলাকাবাসী জানান- মাগুড়া দোলাপাড়া সংলগ্ন ক্ষেতের মাঠে কাজ করার সময় একজন কৃষক গাছের উপরে বাঘটি দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পার্শ্ববতী এলাকার লোকজন ছুটে এসে জড়ো হয়। এসময় বাঘটি গাছ থেকে লাফ দিয়ে নিচে নেমে হিংস্র হয়ে উঠে আক্রমন শুরু করে। বাঘের আক্রমনে আহত হয়েছে পাঁচ জন। আহতরা হল-মাগুড়া ইউনিয়নের আকালীবেচাপাড়ার মৃত বুদু মিয়ার পুত্র বুলেট মিয়া (২৮), মকবুল হোসেনের পুত্র ফেরদৌস আলম (৩৫), ছকমল হোসেনের পুত্র নায়েব আলী (৪৫), দুলাল হোসেন (৩৮) ও উত্তরনামাপাড়ার চাঁন মিয়ার শিশু পুত্র জান্নাতুল (৮)। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এলাকাবাসী জানান। তবে এদের মধ্যে জান্নাতুলকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। আতঙ্কিত এলাকাবাসী বাঘটিকে ধাওয়া করে ক্যানেলের পাড়ে পিটিয়ে হত্যা করেছে। পরে বাঘটিকে এনে একটি গাছে ঝুলে রাখলে উৎসুক জনতার ভিড় হয়। বাঘটি দেখার জন্য পাশ্ববর্তী এলাকা হতে উৎসুক জনতা প্রচুর ভিড় করছে ওই এলাকায়। স্থানীয়রা জানান- বাঘটি একটি চিতা বাঘ এবং লম্বায় ৪ ফুট হবে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান- গাছের উপরে একটি চিতা বাঘ দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। বাঘটির আক্রমনে পাঁচজন আহত হয়েছে। এলাকাবাসী বাঘটিকে মেরে ফেলেছে। ধারণা করা হচ্ছে চিতা বাঘটি ভারত হতে পথ ভুল করে এ এলাকায় এসেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন- ঘটনাটি শুনামাত্রই সেখানে একদল পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে পৌছার আগেই এলাকাবাসী বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে। কিশোরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আশিক রেজা জানান- খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১