আপডেট : ০৩ January ২০২৪
কুষ্টিয়া প্রতিনিধি, আকরামুজ্জামান আরিফ : "শেখ হাসিনা বলেন,ভাই ইনু-মেনন আমার পাশে থাকেন,যাতে পেছন থেকে কেউ গুলি না মারে।"এমন মন্তব্য করেছেন কুাষ্টয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার বিকেলে মিরপুর উপজেলার আমলা সদরপুরে নৌকার সমর্থক গোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় ইনু এই কথা বলেন। মজাজোটের এই প্রার্থী বলেন,আমি এমপি হিসেবে দুইটি কর্তব্যর মালিক। একটি রাষ্ট্রীয় কর্তব্য আরেকটি এখানকার কর্তব্য। তাই শেখ হাসিনার পাশে থেকে রাষ্ট্রকে বাঁচানোও আমার কর্তব্য। তিনি বলেন,আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনে তাকিয়ে তরতর করে এগিয়ে যেতে পারে। নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তাদের উদ্দেশে ইনু বলেন, মুখ খারাপ করে গালি দিবেন না কেউ, মারামারি করবেন না,পোষ্টার পোড়াবেন না, নির্বাচন অফিস ভাঙচুর করবেন না, ভোটকেন্দ্র দখলের হুমকি দেবেন না। আরে ভাই যারা হুমকি দেই তারা কেউ নেই,আমরা আছি। যারা বাহিনী চালাতো,মস্তান পুষতো তারা কেউ নেই,আমরা আছি। সুতরাং আগামী ৭ তারিখের নির্বাচনে আপনারা আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবেন। মনে রাখবেন আমি ইনু ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখবো,আমি ইনু প্রত্যেকটি ভোট গুনে গুনে নেবো। এ সময় তিনি মিরপুর-ভেড়ামারাবাসীর কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারা শান্তি চান নাকি অশান্তি। আপনারা মস্তান চান নাকি ভালো মানুষ চান। আপনারা টেন্ডারবাজ গুন্ডা বাহিনী চান নাকি ভালো মানুষ চান। যদি ভালো মানুষ চান,সৎ মানুষ চান,উন্নয়ন চান,শান্তি চান তাহলে নৌকা মার্কায় একটি ভোট দেন। সভায় বক্তব্য দেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল মালিথা,আতাহার আলী, জেলা পরিষদের সদস্য মহম্মদ আলী জোয়াদ্দর, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আশরাফুল ইসলামসহ আরো অনেকে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে,দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এই আসনে মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে তিনজন আওয়ামী লীগের স্বতন্ত্র। এর মধ্যে ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল আরেফিন। স্থানীয় ভোটাররা মনে করছেন, নির্বাচনে ইনুর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কামারুলের। পৌনে ৩ লাখের বেশি ভোটার থাকা মিরপুরের মানুষ তাঁদের এলাকার সন্তান কামরুলকে সংসদে দেখতে চান। আর পৌনে ২ লাখের অধিক ভোটারের ভেড়ামারাবাসী এবারও এলাকার প্রার্থী ইনুকে জেতাতে চান। কুষ্টিয়া-২ (ভেড়ামারা ও মিরপুর) আসনে জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনবার সংসদ সদস্য হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তবে এবার স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতাদের কারণে শুরুতে তিনি ছিলেন চরম অস্বস্তিতে। তবে এখন অনেক আওয়ামী লীগ নেতা নৌকার পাশে দাঁড়িয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১