বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০২৪

চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের কবলে ইতালিয়ান নাগরিক


চট্টগ্রাম প্রতিনিধি  :

চট্টগ্রাম নগরের আসকারদীঘির উত্তর পাড় সংলগ্ন এলাকায় এক ইতালিয়ান নারী আলোকচিত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন উক্ত এলাকায় কর্ণফুলী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ওই ব্যাগে মোবাইল, ৩০ হাজার টাকা ও দুইটি ক্রেডিট কার্ড ছিল বলে জানিয়েছেন তার বন্ধুরা।

ইতালিয়ান ওই নারীর নাম ক্রিস্টিনা জেম্মা। তিনি আলোকচিত্রশিল্পী ও পর্যটক। গত ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন তিনি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বাংলাদেশি ২ বন্ধুকে নিয়ে ইতালিয়ান ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতি কমিয়ে ছিনতাইকারীরা ওই নারীর কাঁধে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

ক্রিস্টিনা জেম্মা জানান, তিনি ও তার ২ বন্ধু চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে হেঁটে জামালখান যাচ্ছিলেন। পথিমধ্যে এটিএম বুথ থেকে ৩০ হাজার টাকা তুলেছিলেন। ব্যাগে সেই ৩০ হাজার টাকা, মোবাইল ও ক্রেডিট কার্ড ছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ব্যাগ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১