বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২৪

লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ভূমি দস্যুরা


বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার কাহালুতে ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও অবৈধ ভাবে কৃষি জমি কেটে পুকুর খনন,খননকৃত পুকুর ও নাগর নদী থেকে বালু উত্তোলন ঠেকানো যাচ্ছে না। চলছে মাটি খনন ও বালু উত্তোলনের মহোৎসব। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রশাসনের নাকের ডগায় কৃষি জমি কেটে পুকুর খনন, পুকুর সংস্কারের নামে শত শত ট্রাক মাটি বিক্রি, খননকৃত পুকুর ও নাগর নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রভাবশালী মহল, ভূমি ও বালু দস্যুরা।

এসব ভূমি দস্যুরা স্থানীয় প্রশাসনকে অনেকটা ম্যানেজ করে চুটিয়ে এই অবৈধ ব্যবসা করে যাচ্ছেন বলে তাঁরা দাবি করছেন। প্রশাসনের তৎপরতা কোন কাজে আসছেনা। আবার চিহ্নিত ভূমি ও বালু দস্যুদের বিরুদ্ধে প্রশাসন মামলা ঠুকে দিলেও আইনের ফাঁক ফোঁকর দিয়ে মামলার পেয়ে জামিনে বেরিয়ে এসে আবারও চালিয়ে যাচ্ছেন এসব অবৈধ ব্যবসা।

এদিকে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু মুসা, ভূমি ও বালু দস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর ও মাটি বহনকারি ট্রাক জব্দ সহ একের পর এক জরিমানা আদায় করলেও চিহ্নিত ভূমি ও বালু দস্যুরা তাঁদের অবৈধ ব্যবসা বন্ধ করছেন না। এতে ঐ সব এলাকার জনপদের রাস্তাঘাটের মারাত্মক ক্ষতি, নাগর নদী হতে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়া সহ জনগনকে সীমাহীন দুর্ভােগ পোহাতে হচ্ছে।

উপজেলার বীরকেদার, কালাই ও দুর্গাপুর ইউনিয়নের নাগর নদী হতে অবৈধ ভাবে ভূগর্ভস্থ করে বালু উত্তোলন ও উপজেলার প্রায় অর্ধশতাধিক পয়েন্টে এস্কেভেটর মেশিন দিয়ে কৃষি জমি কেটে পুকুর খনন, খননকৃত পুকুর হতে বালু উত্তোলন করা হচ্ছে। এসব মাটি ও বালু যাচ্ছে ইট ভাটায়। এছাড়া খননকৃত মাটি বিভিন্ন স্থানে ভরাট কাজে ব্যবহার হচ্ছে। ভূমি ও বালু দস্যুদের বিরুদ্ধে কেহ মুখ খুলতে সাহস পায়না৷ পুকুর সংস্কারের নামে শত শত ট্রাক মাটি বিক্রি ও অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

অবৈধ ভাবে কৃষি জমি কাটা ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী। কৃষি জমি কেটে পুকুর খনন করায় আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে । এতে খাদ্য উৎপাান দ্রুত হ্রাস পাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে বালু উত্তোলন সরন্জামাদি ও ট্রাক জব্দ করা সহ অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হলেও ভূমি দস্যুদের দৌরাত্ম্যের কারনে তা ঠেকানো যাচ্ছে না। সরকারি আইন অমান্য করে এসব ভূমি ও বালু দস্যুরা একের পর এক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১