বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২৪

চট্টগ্রামে স্বর্ণেরবার সহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা আটক


চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের চারটি বার পাচারের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরে সোমবার সকাল ১০টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ চালানটি আটক করে।

বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা, রাষ্ট্রীয় দুই সংস্থা সম্মিলিতভাবে এ অভিযান পরিচালনা করে আটক করা হয়। বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ওই কর্মকর্তার নাম ডা. শরীফ। তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগে দায়িত্বরত।

আটক অন্যজনের নাম জানা যায়নি। তিনি সকাল সাড়ে ৯টায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া জি৯৫২৬ ফ্লাইটের যাত্রী ছিলেন। ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন। উদ্ধার করা বার স্বর্ণকার দিয়ে পরীক্ষা করানো হচ্ছে।

সিআইআইডির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার জানান, সকালে বিমানটি অবতরণের পর ওই এক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণগুলো ডা. শরীফকে দেন। তিনিই পাচার করছিলেন। পরে তাকে স্ক্যান করা হয়। স্ক্যানে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ছিল ১১৬ গ্রাম।

তিনি বলেন, এটা সম্মিলিত অভিযান ছিল। কাস্টমস, সিআইআইডি, শুল্ক গোয়েন্দা, অন্য দুই গোয়েন্দা সংস্থাও ছিল। আর স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও ওই যাত্রীকেও আটক করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১